শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করছেন, বাংলাদেশ ধীরে ধীরে উগ্রপন্থীদের ঘাঁটিতে পরিণত হচ্ছে। এ যেন নতুন পাকিস্তান। তিনি এই বিষয়ে ভারতের হস্তক্ষেপ দাবি করেছেন। মৌলবাদের দাপাদাপি পাক ঘনিষ্ঠতায় বর্তমানে দুর্বৃত্তের রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতি শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের জন্য বিপজ্জনক। এই বিষয়ে সরাসরি নয়াদিল্লির হস্তক্ষেপ চাইলেন হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশের কাছে তাঁর আর্জি ভারতের সংবাদমাধ্যম যেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্বের দরবারে তুলে ধরে। বুধবার দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে ভারচুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগে লন্ডন থেকে ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়। সেখানেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও ভারতের জন্য সতর্কবার্তা দেন তিনি।
তিনি বলেন, “বাংলাদেশের আইনশৃঙ্খলা বলে কিছু নেই। দেশটি দুবৃত্তের রাষ্ট্রে পরিণত হয়েছে। পুলিশি হেফাজতে আওয়ামি কর্মীদের খুন করা হচ্ছে, সংবাদমাধ্যম আক্রান্ত। এই ঘটনায় ভারতের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ এই মুহূর্তে আপনাদের পূর্বে যে দেশটি রয়েছে সেটি আর একটি পাকিস্তান। আইএসআই বাংলাদেশকে পরিচালনা করছে। পাক ঘনিষ্ঠ মৌলবাদীদের বাড়বাড়ন্ত, হিজবুত তাহরিরের মতো সংগঠন সক্রিয় সে দেশে।” একইসঙ্গে সজীব বলেন, “ভারত বিশ্বের বৃহত্তর গণতান্ত্রিক দেশ। ভারতের সংবাদমাধ্যম স্বতন্ত্র। তাই আমার আবেদন বাংলাদেশের বর্তমান বেহাল অবস্থার কথা ভারতীয় সংবাদমাধ্যম যেন তুলে ধরে। তাহলে আন্তর্জাতিক আঙিনায় বিষয়গুলি প্রকাশ্যে আসবে। বাংলাদেশকে সঠিক পথে ফিরিয়ে না আনলে ভারতেরও ভবিষ্যৎ বিপন্ন।”
