শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মেসির জন্মভূমি আর্জেন্টিনা হলেও মেসির লালনভূমি কিন্তু স্পেন। বরং বলাযায় মেসি ফুটবলারের জন্মভূমি স্পেন। আর এই মুহূর্তে প্রাকৃতিক রোষে দাবানলে জ্বলছে ফ্রান্স ও স্পেনের বিশাল অংশ। এমন কঠিন সময়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ালেন লিওনেল মেসি। বিধ্বস্ত হয়ে যাওয়া স্প্যানিশ এলাকার জন্য ৮০ হাজার ইউরো দান করেছেন তিনি। এভাবেই স্পেনের প্রতি কৃতজ্ঞতা জানালেন। আর্জেন্টিনার ফুটবলার হলেও মেসির কেরিয়ারে স্পেনের অবদান অপরিসীম। মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় চলে এসেছিলেন মেসি। বার্সার তরফ থেকেই মেসির হরমোন সংক্রান্ত চিকিৎসা চালানো হয়। তারপর দীর্ঘদিন বার্সেলোনার জার্সিতে খেলেছেন এলএমটেন। এমনকি স্প্যানিশ পাসপোর্টও রয়েছে তাঁর। আন্তর্জাতিক ফুটবলে স্পেনের প্রতিনিধিত্ব করার সুযোগও ছিল মেসির সামনে, তবে তিনি জন্মভূমি আর্জেন্টিনাকে বেছে নেন।
এই মুহূর্তে প্রকৃতির রোষে পড়েছে ইউরোপের একাধিক দেশ। বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ইউরোপজুড়ে তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। তীব্র দাবদাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল ছড়িয়ে পড়ে হু হু করে। স্পেনের রাজধানী মাদ্রিদের আশেপাশের অঞ্চল ইতিমধ্যেই দাবানলে পুড়ে ছারখার। প্রায় ৭৭০ বর্গকিলোমিটার এলাকা ভস্মীভূত হয়েছে। দাবানল এতটাই ভয়াবহ যে আকাশে তৈরি হয়েছে বিরল ‘ফায়ার থান্ডারস্টর্ম’ বা আগুনের বজ্রঝড়। অতিরিক্ত তাপে ধোঁয়া, ছাই ও জলীয় বাষ্প দ্রুত বায়ুমণ্ডলে উঠে বিশাল মেঘ তৈরি করছে। সেই মেঘ থেকেই সৃষ্টি হচ্ছে বজ্রপাত, যা নতুন করে বিভিন্ন জায়গায় আবার আগুন ধরিয়ে দিচ্ছে। ফলে নানা প্রযুক্তি দিয়েও বাগে আনা যাচ্ছে না পরিস্থিতি। মাদ্রিদের পার্শ্ববর্তী সিয়েরা অয়েস্তে এলাকা পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো দান করেছেন তারকা ফুটবলার। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা প্রায় ৮৮ লক্ষ টাকা। এই অর্থ ব্যবহার হবে পুড়ে যাওয়া নানা পরিকাঠামো সারিয়ে তোলার জন্য । মেসিকে ইতিমধ্যেই ধন্যবাদ জানিয়েছেন মাদ্রিদের প্রেসিডেন্ট দিয়াজ আয়ুসো।
