শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আবার চূড়ান্ত উত্তেজনা পাকিস্তানে। দিশেহারা সরকার। এবার প্রাক্তন প্রধামন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে লক্ষাধিক মানুষ পথে মিছিলে যোগ দিয়েছে। পূর্ব ঘোষণামতো শাহবাজ সরকারের ঘুম ছুটিয়ে রাজপথে নামল প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের হাজার হাজার সমর্থক। ইমরানের মুক্তির দাবিতে তাঁর দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সমর্থকরা খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত থেকে বিরাট পদযাত্রা শুরু করেছেন। তাঁদের লক্ষ্য ২৭৫ কিমি পথ পেরিয়ে ইসলামাবাদ পৌঁছনো। এদিকে পিটিআইয়ের মিছিল আটকাতে দাঁত-নখ বের করল শাহবাজ শরিফের প্রশাসন। দফায় দফায় লাঠিচার্জের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে অন্তত ২০০০ জনকে। পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার লাক্কি মারওয়াত থেকে মিছিল শুরুর পর ৩ কিলোমিটার দূরে ফ্রন্টিয়ার ফোর্স (এফপিএফ) এবং ইমরান খানের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। দুই তরফ থেকে পাথর ছোড়ার পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ।
পালটা প্রতিরোধ গড়ে তোলে ইমরানের সমর্থকরা। এদিকে মিছিল রুখতে শনিবার রাতেই বৈঠকে বসেন সেনা প্রধান আসিম মুনির। শনিবার রাতেই পাঞ্জাব প্রদেশে বড় অভিযান চালানো হয়। বহু মানুষকে গ্রেপ্তার করা হয়। পিটিআইয়ের দাবি, তাদের অন্তত ২০০০ সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। ইসলামাবাদের মূল রাস্তাগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে। কন্টেনার নামিয়ে অবরুদ্ধ করা হয়েছে রাস্তা।
তবে পিছু হটতে নারাজ জনতা মিছিলে যোগ দেওয়া ২২ বছরের যুবক ওয়াসিম বলেন, “আমরা জীবনের পরোয়া করি না। শাহবাজ ও মুনির যতই দমনপীড়ন চালাক আমরা পিছু হটব না। যা ঘটে ঘটবে। আমরা ইসলামাবাদ পৌঁছবই।”
