শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: হরমুজ প্রণালীতে ফের হামলার মুখে ভারতীয় জাহাজ! ইরানের জলসীমায় আসতেই তেলবাহী ট্যাঙ্কারটিতে গোলাবর্ষণ করা হয় বলে অভিযোগ। জাহাজটিতে মোট ২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ছিল। কিন্তু বাণিজ্যতরীটি কোনও মতে বেঁচে হরমুজ পার করে। সেটি ইতিমধ্যেই ওড়িশার পারাদ্বীপ বন্দরে নিজ গন্তব্যে পৌঁছেছে বলে খবর। জাহাজটির নাম ‘এমটি সানমার হেরাল্ড’। সেটি ভারতের পতাকাবাহী। জাহাজটিতে মোট ২২ জন কর্মী ছিলেন। সম্প্রতি ইরাক থেকে তেল নিয়ে সেটি ভারতে ফিরছিল। কিন্তু হরমুজে প্রবেশের পরই পরিস্থিতি বদলে যায়। জাহাজটি যখন ইরানের জলসীমায় পৌঁছয়, তখন বাণিজ্যতরীটি লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয় বলে অভিযোগ। কিন্তু কে বা কারা জাহাজটিতে হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়।
গোলাবর্ষণের জেরে কিছুটা ক্ষতি হয়েছে ট্যাঙ্কারটির। কিন্তু কোনও মতে জাহাজটি হরমুজ পার করে ধীরে ধীরে ভারতে প্রবেশ করে। জাহাজের কর্মীরা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন।পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি ফেরাতে কয়েকদিন আগেই মউ স্বাক্ষর করে ইরান এবং আমেরিকা। কিন্তু তারপর দু’দেশই এক অপরের বিরুদ্ধে সংঘর্ষবিরতি লঙ্খনের অভিযোগ তোলে। আমেরিকাকে ‘জবাব’ দিতে ইরান ফের হরমুজ বন্ধের কথা ঘোষণা করে। তারপর থেকেই নতুন করে সংঘাতে জড়িয়েছে ইরান-আমেরিকা। গত সোমবারও হরমুজে হামলার মুখে পড়ে একটি বাণিজ্যতরী। ধ্বংস হয়ে যায় জাহাজের কন্ট্রোলরুম। তবে এই জাহাজটি কোনও মতে বেঁচে গিয়েছে।
