শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ভারতের অন্যতম বেশ কয়েকটা সামাজিক আন্দোলনের তিনি নেতৃত্ব দেন। এমন কি বাংলায় বামফ্রন্টের বিরুদ্ধে মমতার আন্দোলনকেও তিনি সমর্থন করেন। সেই আন্না হাজারে অসুস্থ হয়ে এখন মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে আছেন। সূত্রের খবর, মহারাষ্ট্রের রালেগান সিদ্ধিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই তাঁর অবস্থার অবনতি হয়। এরপরই সোমবার তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের তরফ থেকে আন্নার শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে সূত্রের খবর, বর্তমানে তিনি চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন। শোনা যাচ্ছে, আন্নার শরীরে সংক্রমণ ও জলশূন্যতা দেখা দিয়েছে।
দেশের ‘দ্বিতীয় গান্ধী’ হিসেবে পরিচিত আন্না হাজারে। ইউপিএ সরকারের জমানায় দফায় দফায় আন্দোলনের মাধ্যমে শিরোনামে উঠে এসেছিলেন তিনি। স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় গণআন্দোলনগুলির একটি ২০১১ সালের আন্না আন্দোলন। দুর্নীতির বিরুদ্ধে লোকপাল আইন কার্যকর করার দাবিতে দিল্লির যন্তর মন্তরে তাঁর অনশন তৎকালীন ইউপিএ সরকারের ভিত নাড়িয়ে দেয়। পরে ২০১৪ সালে কংগ্রেস সরকারের পতনের নেপথ্যে আন্নার সেই আন্দোলনকে দায়ী করেন অনেকে। বিজেপি ক্ষমতায় আসার পর গত ১২ বছরে খুব বেশি মুখর হয়ে আন্দোলনে দেখা যায়নি ৮৯ বছরের সমাজকর্মীকে।
