শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তর থেকে অবস্থান-বিক্ষোভ প্রত্যাহারের কথা ঘোষণা করল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। একইসঙ্গে তাদের সমস্ত দাবীও মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করার পর সিজেপি জানিয়েছে, তাদের সব দাবি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার পরেই আন্দোলনকারীদের উদ্দেশে তাদের আবেদন, এত দিন যে শান্তিপূর্ণ অবস্থান চলছিল, তা তুলে নিন।
শনিবারও কেন্দ্রের সঙ্গে বৈঠকে ছিলেন সিজেপি-র প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। এটি সবমিলিয়ে সিজেপি ও কেন্দ্রীয় সরকারের তৃতীয় বৈঠক। প্রথম দুটি বৈঠকে সমাধান না মিললেও, সমাধান মিলল তৃতীয় বৈঠকে। বৈঠক শেষে নড্ডাদের পাশে বসে সাংবাদিক বৈঠক করে অবস্থান প্রত্যাহারের কথা জানান ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা।
সৌরভ বলেন, ‘‘সদিচ্ছার সঙ্গেই অবস্থান প্রত্যাহার করা হচ্ছে। আমরা আশা করি তাদের দেওয়া সময়সীমার মধ্যেই সব শর্ত পূরণ করবে সরকার।’’ এই সিদ্ধান্ত কেন্দ্রের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমেই হয়েছে বলে জানিয়েছে সিজেপি।
৬ জুন বস্টন থেকে দিল্লিতে ফিরেছিলেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। নিট কেলেঙ্কারির প্রতিবাদে তার পর থেকে দফায় দফায় রাজধানীর রাজপথে আন্দোলন শুরু করে সিজেপি। তরুণ প্রজন্ম তো বটেই, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের ভিড় চোখে পড়ে তাদের আন্দোলনে। ২০ জুন থেকে যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ শুরু করে তারা। টানা ৩৬ দিন অবস্থান চালানোর পর শনিবার তা প্রত্যাহার করল সিজেপি। তবে তারা স্পষ্ট করে দিয়েছে, সরকারের কাছে মাথা নত করেনি। সরকার সব দাবি মেনে নেওয়ার কথা জানিয়েছে। তার পরেই এই সিদ্ধান্ত।
