ঘটনার সূত্রপাত অবশ্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ। আমেরিকা ও ইজরায়েলের যৌথ আক্রমণের প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। আর তার জন্যই সারা বিশ্বের মতো ভারতেও গ্যাসের অভাব। সাধারণ গৃহস্থের বাড়িতে আগামীতে আর কদিন উনুন জ্বলবে সেই বিষয়টিকে নিয়েও ধোঁয়াশা দেখা দিয়েছে। এমনকি এই গ্যাসের সংকটের কারণেই বাড়িতে বাড়িতে অশান্তি। ভাঙতে শুরু করেছে সংসার। সম্প্রতি এমনই খবর উঠে এসেছে রাজ্যের এক প্রান্ত থেকে। খবর প্রকাশ্যে উঠে আসতেই সোশ্যাল মিডিয়াতেই রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছেন স্বামী স্ত্রী।
{link}
রান্নার গ্যাস আনতে পারেননি স্বামী অনিল। ফলে, ঘরে উনুনও জ্বলেনি। কিন্তু রাতে ডিউটি সেরে ফিরে এসে স্ত্রীর কাছে তিনি খেতে চান। সেখানেই বাঁধে গেরো। কারণ, ঘরে তো রান্নাই হয় নি। স্ত্রী সেই কথা জানালে হতাশ হয়ে পড়েন স্বামী। পালটা উনুন জ্বেলে রান্নার কথা প্রস্তাব দেন। আর তাতেই তেলেবেগুনে রেগে ওঠেন অনিলের স্ত্রী সুমন। তিনি সাফ জানিয়ে দেন, উনুনে রাঁধতে পারবেন না। কোনওমতেই উনুনে রান্না করতে ইচ্ছুক নন তিনি। একমাত্র গ্যাস আনলেই রান্না তিনি করবেন। নাহলে খাওয়াদাওয়া বন্ধ থাকবে একেবারে। এক সময় এই গ্যাস ও রান্নার কারণে অনিল-সুমনের কথা কাটাকাটি চরমে পর্যায়ে পৌঁছায়। ঘরের মধ্যে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শেষ পর্যন্ত রাগের মাথায় পাঁচ মাসের ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান সুমন। স্বামী স্ত্রীর মধ্যে তৈরি হয় ব্যবধান।
{link}
প্রাথমিক ভাবে অনিল ভেবেছিলেন রাগ পড়লেই বাড়ি ফিরবে স্ত্রী। কিন্তু, তাঁর সেই প্রত্যাশা ধাক্কা খায়। পরদিন সন্ধে গড়ালেও স্ত্রী সুমন ফিরে আসেননি। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় থানায় নিখোঁজ ডাইরি করেন যুবক। পাশাপাশি সমাজমাধ্যমে স্ত্রীর উদ্দেশ্যে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানেই ভালোবেসে স্ত্রী সুমনকে ঘরে ফিরে আসতে অনুরোধ করেন অনিল। ভিডিওতে অনিল কাতরভাবেই বলেন, ‘আমার অন্যায় হয়ে গিয়েছে। তুমি বাড়ি ফিরে এসো।‘
{link}
তাঁর এই ভিডিওটিই সমাজমাধ্যমে বর্তমানে রীতিমতো ভাইরাল। এই ঘটনাটিতে রীতিমতো আমোদ খুঁজে পেয়েছেন নেটমাধ্যমের বাসিন্দারা। অনিল-সুমনের এই অশান্তির জন্য ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী করছেন তাঁরা। একই সুর শোনা যাচ্ছে যুগলের আত্মীয়-প্রতিবেশীদের গলাতেও। মধ্যপ্রাচের যুদ্ধের কারণেই বাংলার ঘরেও এবার অশান্তির আঁচ ছড়িয়ে পড়ছে। সেই বিষয়টি কার্যত স্পষ্ট।
{ads}