ঠিক গরমের শুরুতেই সিকিমে টানা কয়েকদিন ধরেই চলেছে টানা বৃষ্টি। আর তার ফলেই এই বিপর্যয়। জানা গিয়েছে,সিকিমের মাঙ্গান জেলার লাচেনে রাস্তা বন্ধ। সেখানে একাধিক জায়গায় ধস নেমেছে। লাচেন থেকে চুংথাং-র সংযোগকারী রাস্তার একটা বড় অংশ ভেঙে গিয়েছে। তারুম চু ব্রিজের কাছে বিরাট ভাঙন ধরেছে। এর জেরে ওই রাস্তা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। আটকে পড়েছেন প্রায় ১০০০-রও বেশি বাঙালি পর্যটক। রাস্তাতেই কয়েকশো গাড়ির লম্বা লাইন পড়েছে। লাচেনে থাকা পর্যটকদের সঙ্গে সিকিমের মূল ভূখণ্ডের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
লাগাতার বৃষ্টিতে নামল ভয়ঙ্কর ভূমিধস(Landslide), ভেঙে গেল সিকিমের গুরুত্বপূর্ণ রাস্তা। ঝুলছে সদ্য তৈরি হওয়া সেতুর একাংশ। এর জেরে আটকে প্রায় এক হাজারের কাছাকাছি বাঙালি পর্যটক। তারা রাতভর রাস্তাতেই অপেক্ষা করলেন উদ্ধার হওয়ার। আজ, সোমবার সকাল থেকে উদ্ধারকাজ শুরু হবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আজ সকাল থেকেই উদ্ধারকাজ চালু করা হচ্ছে। আইটিবিপি, বর্ডার রোডস অর্গানাইজেশন, ভারতীয় সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ প্রশাসন মিলে যৌথভাবে উদ্ধারকাজ চালাবে। পর্যটকরা যেন আতঙ্কিত না হন। দ্রুত তাদের উদ্ধার করা হবে। যে যেখানে আছেন, সেখানেই যেন থাকেন। ইতিমধ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিকিমে। ১১ এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা তাই আবহাওয়া খারাপ হলে আরও বিপদ বাড়তে পারে।
