শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সামনে বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। আর এখন থেকেই প্রাক-ভোট উত্তেজনা তৈরী হয়ে গেছে। মৌখিক লড়াই শুরু হয়েছে যোগী আদিত্যনাথ ও আখিলেশ যাদবের মধ্যে। দু’দিনের সফরে অযোধ্যায় পা রেখেছেন অখিলেশ যাদব। সেখানে ভাগবত কথার অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি সাধুদের আশীর্বাদ নেন তিনি। এক জনসভায় উপস্থিত হয়ে বিজেপিকে তোপ দাগতেও ছাড়েননি তিনি। অখিলেশ বলেন, ”মুখ্যমন্ত্রী যদি নিজের জনপ্রিয়তা নিয়ে আত্মবিশ্বাসী হন, তবে তাঁর উচিত অযোধ্যা থেকেই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। নির্বাচন কমিশন ও প্রশাসনের মনোভাব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, এই রাজ্যের ভিত ন্যায় ও মানবতার উপর দাঁড়িয়ে। অযোধ্যার জনগণ যোগ্য ও অযোগ্যকে আলাদা করে নেবে।”
অখিলেশের সেই মন্তব্যের পালটা বলরামপুরের জনসভা থেকে পালটা যোগী আদিত্যনাথ বলেন, “অখিলেশ, অযোধ্যা আমাদের তীর্থস্থান। আমরা উন্নয়নের জন্য অযোধ্যায় যাই, রাজনীতির জন্য নয়।” তিনি আরও বলেন, “আমি বরং আপনাকে একটি প্রস্তাব দিচ্ছি। আপনি অযোধ্যা থেকে আপনার মনোনয়ন জমা দিন, আমিও দেব। চলুন ভাগ্য পরীক্ষা করে দেখি।” যোগী বলেন, ”অযোধ্যা আমাদের আস্থা, শ্রদ্ধা ও বিশ্বাসের জায়গা। রাজনীতির জায়গা নয়।” পূর্ববর্তী সরকারকে নিশানায় নিয়ে যোগী আরও বলেন, অতীতে মাফিয়ারা এখানে পা রাখলে যে কোনও জমি দখল করে নিত। সপার গুণ্ডারা ব্যবসায়ীদের ফোন করে হুমকি দিত, সম্পত্তি কেড়ে নিত। ২০১৭ সালের আগে বলরামপুরের রাস্তাগুলি ছিল রাজ্যের সবচেয়ে খারাপ রাস্তা। আজ সেইসব পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে।
