শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিগবস মানেই বেশ উত্তেজনা। এই ঝগড়া তো এই হাসি। আর মুহূর্তের মধ্যে দুটো ভাগ হয়ে যায়। ফলে কমবেশি সকলেই জড়িয়ে পরে সেই ঝগড়ায়। এবার ঝগড়া জীতু ও রাজবীরের মধ্যে। সরাসরি ঝগড়ায় জড়িয়ে পড়লো নন্দিনী। এবার বিগ বস বাংলা ৩-এর ঘরেও ঠিক এমনটাই ঘটল। ক্যাপ্টেন হওয়ার টাস্ক ঘিরে জীতু এবং রাজবীরের মধ্যে রীতিমতো আগুন জ্বলে উঠল। পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গিয়েছে।
ঘটনার আসল সূত্রপাত হয় একটি ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন। জীতু প্রথমে রাজবীরের পাশে দাঁড়িয়ে প্রতিযোগী নন্দিনীর সমালোচনা করছিলেন। রাজবীর আর নন্দিনীর মেলামেশা ও আচরণ দেখে জীতু হঠাৎ বলে বসেন, “মাথায় হাত বুলিয়ে ছেলে পটানো আমাদের দ্বারা হবে না।” এই কথা শুনে নন্দিনী প্রচণ্ড রেগে যান। তিনি জীতুকে পাল্টা আক্রমণ করে বলেন যে, জীতু নাকি জপ করে এসে সবার মধ্যে শুধু কূটকচালি করেন আর ঝগড়া লাগান। নন্দিনী আরও বলেন যে রাজবীর আসলে একজন ভীতু মানুষের সঙ্গে খেলছেন। এই কথা বলে নন্দিনী সেখান থেকে চলে যান।
নন্দিনী সেখান থেকে চলে যাওয়ার পরই আসল ঝগড়া শুরু হয় জীতু এবং রাজবীরের মধ্যে। রাজবীর জীতুকে পরিষ্কার বলেন তাঁকে যেন অযথা উত্তেজিত না করা হয়। এরপর দু’জনের তর্ক এতটাই বেড়ে যায় যে তাঁরা একে অপরকে ‘তুই-তোকারি’ করতে শুরু করেন। জীতু কটাক্ষ করে বলেন, “তুই একা থাকতে পারিস না, তাই মেয়েকে ডাকছিস।” রাজবীরও একেবারেই ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি বলেন জীতু গায়ে হাত তুলছেন বা ফিজিক্যাল হচ্ছেন। এরপর জীতু রাজবীরকে ‘খোকা’ বলে কটাক্ষ করে হাওয়া খেতে বলেন। ঠিক তখনই পালটা রাজবীর সবচেয়ে বড় আঘাতটি করেন। তিনি রেগে গিয়ে সোজাসুজি জীতুকে বলেন, “অনেক দেখেছি তোমার মতো, তুমি ফ্লপ হিরো! তোমার কেরিয়ার তো শেষ হচ্ছে, আর আমার কেরিয়ার সবে শুরু হচ্ছে।”
