শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: রণবীর কাপুর অভিনীত বহুপ্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর প্রথম পর্বের ট্রেলার মুক্তি আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। শুক্রবার, ২৪ জুলাই ট্রেলারটি প্রকাশ্যে আসার কথা থাকলেও, নির্মাতা নামিত মলহোত্রা আন্তর্জাতিক বিনোদন সংস্থা ‘সোনি পিকচার্স এন্টারটেইনমেন্ট’-এর সঙ্গে বিশ্বব্যাপী হাত মেলানোর কথা জানিয়ে এর মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি বিশেষ বার্তা দিয়ে নামিত মলহোত্রা লেখেন, “আজ আমাদের ‘রামায়ণ’-এর জন্য এক অত্যন্ত বিশেষ মুহূর্ত। রামায়ণকে বিশ্বমঞ্চে তুলে ধরার আমার যে স্বপ্ন ছিল, সোনি পিকচার্স এন্টারটেইনমেন্টের সঙ্গে যৌথ উদ্যোগে তা আজ বাস্তবে রূপ নিল। এই নতুন ও বৃহৎ আন্তর্জাতিক প্রস্তুতির স্বার্থেই আমরা রামায়ণের ট্রেলার বিশ্বজুড়ে নতুন একটি তারিখে নিয়ে আসব।” তিনি আরও যোগ করেন, “ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছরেরও বেশি সময়ের ইতিহাসে এটি এক পরম গর্বের মুহূর্ত হতে চলেছে, যেখানে যেকোনও বড় বাজেটের বিশ্বমানের হলিউড ছবির মতোই রামায়ণকে গোটা বিশ্বের সামনে তুলে ধরা হবে। "
ভক্তদের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে নামিত লেখেন, “সব ভক্ত এবং রামায়ণে বিশ্বাসী মানুষদের অসংখ্য ধন্যবাদ এটি সম্ভব করে তোলার জন্য। আমাদের দেশের তরুণ প্রজন্মই আমাদের ভবিষ্যৎ। চলুন, আমরা আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে যা যা করা সম্ভব তা করি। জয় হিন্দ।” নমিতের এই পোস্টটি প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নির্ধারিত দিনে ট্রেলার মুক্তি না পাওয়ায় অনুরাগীরা খানিক হতাশ হলেও, আন্তর্জাতিক স্তরে এই বড় মাপের কোলাবোরেশনের খবর সিনেমা প্রেমীদের নতুন করে উৎসাহিত করেছে। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর তথ্য অনুযায়ী, ‘রামায়ণ’-এর এই ট্রেলারটিকে সমস্ত বয়সের দর্শকের দেখার জন্য ইউ (U) সার্টিফিকেট দেওয়া হয়েছে। গত ১৫ জুলাই সেন্সর বোর্ডের তরফ থেকে এই ছাড়পত্র মেলে। সেন্সর বোর্ডের নথিপত্র থেকে আরও জানা গিয়েছে, নির্মাতারা ট্রেলারের দুটি কাট তৈরি করেছেন। এর মধ্যে স্ট্যান্ডার্ড ভার্সনটির সময়সীমা ৪ মিনিট ১৫ সেকেন্ড এবং থিয়েট্রিক্যাল কাটের সময়সীমা ঠিক ৪ মিনিট।
