শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: উত্থান ও পতন জীবনের নিয়ম। জীবনের নানা ঘাত-প্রতিঘাতের মধ্যেই মানুষকে বেঁচে থাকতে হয়। যেভাবে বেঁচে আছে হাওড়ার শিল্পী শোভন চক্রবর্তী। রবীন্দ্রসঙ্গীত গেয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসা শোভন চক্রবর্তীর জীবন যেন এক নাটকীয় মোড়। অতিমারির কোপে মিউজিক টিউটর থেকে সল্টলেকের সেক্টর ফাইভের সিকিউরিটি গার্ড হওয়া, আর সম্প্রতি সেই চাকরিটি হারিয়ে তীব্র বিতর্কের মুখে পড়া— চরম অনিশ্চয়তার মধ্য দিয়েই দিন কাটছিল তাঁর। তবে সেই কঠিন সময়ের মেঘ কাটতে না কাটতেই এবার তাঁর জীবনে এল এক বিরাট সুযোগ। এবার সরাসরি জনপ্রিয় সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর সঙ্গে একই মঞ্চে গান গাইতে চলেছেন ভাইরাল শোভন চক্রবর্তী। রবি ঠাকুরের ‘শ্রাবণের ধারার মতো’ গানটি শোভনের গলায় শুনে মুগ্ধ হয়েছিলেন কোটি কোটি নেটিজেন। একসময় ছোট ছোট ছেলেমেয়েদের গান শিখিয়েই সংসার চলত তাঁর। কিন্তু করোনা পরিস্থিতিতে একে একে ছাত্র-ছাত্রী কমতে থাকায় চরম আর্থিক অনটনে পড়েন তিনি।
সংসার চালাতে বাধ্য হয়েই একটি সংস্থার নিরাপত্তারক্ষীর চাকরি নেন। কিন্তু সম্প্রতি সেই চাকরিটিও খোয়ান তিনি। খবর চাউর হয়, গান গাওয়ার জন্য নাকি তাঁকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনায় সোশাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। তবে বিতর্কের মুখে পড়ে ওই সংস্থার পক্ষ থেকে বিস্তারিত বিবৃতি দেওয়া হয়। সংস্থার এইচআর বাবুলাল নস্কর বিষয়টিকে স্পষ্ট করে জানান, গান গাওয়ার জন্য তাঁর চাকরি গিয়েছে— এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। শোভনবাবু শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং ঠিকমতো কাজ করতে পারছিলেন না। এমনকী, তাঁকে অন্যত্র বিকল্প কাজের ব্যবস্থাও করে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি নিজেই আর কাজ করতে চাননি। এইচআর বাবুলাল নস্কর আরও প্রতিশ্রুতি দিয়ে জানান, “উনি যদি এখনও বলেন ডিউটি করবেন এবং ডিউটির শেষে গান নিয়ে থাকবেন, আমাদের তাতে কোনও অসুবিধা নেই। আমাদের ভ্যাকান্সি রয়েছে, উনি আসলে আমরা আবারও অন্য কাজের ব্যবস্থা করে দেব।”
