কলকাতা: উত্তপ্ত হয়ে উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। বিশ্ববিদ্যালয়ে এবিভিপির সঙ্গে এসএফআই-সহ বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে তুলকালাম পরিস্থিতি। ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও কেন জিবি মিটিং করা হল? এই নিয়ে বড় অশান্তির সূত্রপাত। ABVP বনাম SFI-সহ একাধিক বাম ছাত্র সংগঠনের সংঘর্ষের জেরে রাতভর উত্তপ্ত ছিল যাদবপুর চত্বর। বৃহস্পতিবার দুপুরে ABVP-র মিছিল ঘিরে ফের নতুন করে উত্তেজনা ছড়ায় যাদবপুর থানা চত্বরে। বৃহস্পতিবার দুপুরে নতুন করে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। যাদবপুর থানার কাছে ABVP-র মিছিল আটকায় পুলিশ। এদিকে পুলিশের ব্যারিকেড ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন ABVP সমর্থকরা। এই পরিস্থিতিতে গোলপার্ক থেকে যাদবপুরের দিকে যাওয়ার রাস্তা বন্ধ করে দিতে বাধ্য হয় পুলিশ। এদিকে প্রথম ব্যারিকেড ভেঙে দিলে দ্বিতীয় ব্যারিকেডও ভেঙে ক্যাম্পাসের দিকে এগিয়ে যান ABVP সমর্থকেরা।
এদিকে SFI-এর পৃথক মিছিল ঘিরেও রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। সিপিএম নেত্রী দীপ্সিতা ধর রয়েছেন এই বিক্ষোভ কর্মসূচিতে। বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে উত্তেজনা ছড়ায়। দুই ছাত্র সংগঠনের মিছিল মুখোমুখি হওয়ার উপক্রম হতেই পুলিশ মিছিল আটকে দেয়। কিন্তু ব্যারিকেড ভেঙে একাংশ পুরোপুরি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পৌঁছে যায়। তাতেই পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে।

