নমিনেশন ফর্ম জমা দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় নেমে পড়েছেন নির্বাচনী সভায়। নমিনেশন জমা দিয়ে সোজা চলে গেছেন আরামবাগের কালিপুর স্পোর্টস কমপ্লেক্সে। আর সেখান থেকেই বিভিন্ন ইস্যুতে সোজাসুজি আক্রমন করলেন প্রধানমন্ত্রী ও বিজেপিকে। আসলে কিছুদিন আগেই কলকাতা পর্যন্ত হামলা চালানোর হুমকি দিয়েছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। তিনি হুমকির সুরে বলেন, ‘ভারত যদি ভবিষ্যতে কোনও মিথ্যা অজুহাতে পাকিস্তানে অভিযান চালায়, তবে আমরা তা কলকাতা পর্যন্ত নিয়ে যাব।’ আর খোয়াজার এই দাবি নিয়ে প্রথম থেকেই সোচ্চার ছিলেন মুখ্যমন্ত্রী। আজ আবার তিনি এই ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করলেন। তাঁর প্রশ্ন, কেন পাকিস্তান হুমকি দিলেও চুপ করে রয়েছে ভারত।
পাশাপাশি তিনি আজ SIR নিয়েও বিজেপি এবং কমিশনকে আক্রমণ করতে ছাড়েননি। তিনি দাবি করেন, এতগুলো মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে। এটার বিরুদ্ধে আবার কোর্টে যাওয়া উচিত। পাশাপাশি তাঁর প্রশ্ন, কেন ট্রাইবুনালে আবেদন করার সুযোগ না দিয়ে প্রথম ভোটার তালিকা ‘ফ্রিজ়’ করে দেওয়া হল? এ দিন আরামবাগে ঢালাও প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি জানান, সব বাড়ি পাকা করে দেওয়া হবে। কোনও কাঁচা বাড়ি থাকবে না। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন মিলবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া আলু চাষিদেরও বার্তা দেন মমতা। তিনি জানান, সরকার আলু কিনছে। মিড ডে মিল, আইসিডিএস-এর জন্য আলু কেনা হচ্ছে। আর কোনও চাষি চাইলে বাইরেও আলু কিনতে পারে। তিনি বলেন, 'লুকিয়ে লুকিয়ে কিছু আরএসএস-এর লোক, ত্যাগী থেকে ভোগী হয়ে গিয়েছে। তাঁরা আপনাদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইবে। একবারে দেবেন না। এই ভুলটা করবেন না। ভোটের পর সব টাকা তুলে নেবে।'
