তথাগত ঘোষ, কলকাতা: আরজিকর কাণ্ডে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। তদন্ত চলাকালীন সময়ে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হল রাজ্যের তিনজন আইপিএস অফিসার কে। শুক্রবার নবান্ন থেকে এই প্রসঙ্গে ঘোষণা করেছেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আরজিকরে চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলার ফাইল পুনরায় খোলা হবে। সেই সময়ে বিভিন্ন পদে কর্মরত তিনজন IPS Officer বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে। আপাতত, এই মুহূর্তে তাদের সাসপেন্ড করা হচ্ছে। একইসঙ্গে এই ঘটনায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারি।
প্রসঙ্গত, আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনা ঘটে ২০২৪ সালে। সেই সময় আইপিএস বিনীত গোয়েল ছিলেন কলকাতার পুলিশ কমিশনার। আরজিকর আন্দোলন তীব্র আকার ধারন করলে সেই সময় তাঁর পদত্যাগের দাবি ওঠে। সেই বছরেই সেপ্টেম্বর মাএ তৎকালীন মুখ্যমন্ত্রী বিনীতকে কলকাতার সিপির পদ থেকে সরিয়ে এসটিএফের এডিজি পদে বদলি করে দেন। অপরদিকে আইপিএস ইন্দিরা তখন কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) পদের দায়িত্ব সামলাচ্ছেন। আরজিকর কাণ্ড ছাড়াও পরবর্তী সময়ে আরও বিভিন্ন পরিস্থিতিতে কলকাতা পুলিশের প্রতিনিধি হিসাবে একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছে তাঁর নাম।
আরজিকর কাণ্ডের সময় অভিষেক গুপ্তা ছিলেন কলকাতা পুলিশের ডিসি (নর্থ) পদে। তদন্তে গাফিলতির অভিযোগে তাঁকেও ওই পদ থেকে সরিয়ে দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী। ফলে, এই তিন আইপিএসই আরজিকর কাণ্ডের সময়ে বিতর্কিত মুখ। সেই কারণেই দায়িত্ব গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনার তদন্তে যাতে স্বচ্ছ হয়, সেই বিষয়টির উপর নজর রেখে তিনজনকেই সাসপেন্ড করার ঘোষণা করেছেন।
বর্তমানে বিনীত রাজ্যের ডিজি (আইবি) পদে কাজ করছেন। অভিষেক ইএফআরের কমান্ডান্ট পদে কাজ করেন। পদমর্যাদায় ডিআইজি। আর ইন্দিরা এখন সিআইডির স্পেশ্যাল সুপারিনটেনডেন্ট। আপাতত মুখ্যমন্ত্রীর নতুন নির্দেশের পর তিনজনেই সাসপেন্ডেড।
