তথাগত ঘোষ, শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মেসি, মেসি, মেসি! বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের শেষে সবার মুখে একটাই নাম। লিওনেল আন্দ্রেস মেসি। ২০২৬ বিশ্বকাপের মঞ্চে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ৩-০ গোলে জয়ী হয়েছে আর্জেন্টিনা। তিনটি গোলই এসেছে মেসির পা থেকে। বিশ্বকাপে প্রথমবারের জন্য হ্যাটট্রিক সম্পূর্ণ করেছেন লিওনেল মেসি। একইসঙ্গে হয়ে উঠেছেন বিশ্বকাপের ইতিহাসের যৌথ সর্বোচ্চ গোলদাতা।
আলজিরিয়ার বিরুদ্ধে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল আর্জেন্টিনা। প্রথম চমক আসে পাঁচ মিনিটের মাথায় গোল করেন মেসি। কিন্তু, অফসাইডের কারনে সেই গোল বাতিল হয়ে যায়। একইভবে সাত মিনিটের মাথায় অফসাইডে বাতিল হয় আলজিরিয়ার গোল। যদিও, গোল বাতিল হলেও আক্রমণের গতি কমায়নি আর্জেন্টিনা।
১৬ মিনিটের মাথায় সেই পুরানো, চেনা মেসি ম্যাজিক। বক্সের বাইরে থেকে তেকাঠি লক্ষ্য করে বাঁ পায়েরন দুরন্ত শট। গোলকিপার বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু, বল হাতে লেগেও গোললাইন অতিক্রম করে জড়িয়ে যায় জালে। বিশ্বকাপের মঞ্চে আলজেরিয়ার বিরুদ্ধে দলকে ১-০ গোলে এগিয়ে দেন মেসি। প্রথমার্ধের একদম শেষ দিকে মাঝমাঠের কিছুটা উপরে ফ্রিকিক পায় আর্জেন্টিনা। কিন্তু, ফ্রিকিক থেকে ভেসে আসা বল হেড করলেও তেকাঠিতে রাখতে ব্যর্থ হন ম্যাক অ্যালিস্টার। প্রথমার্ধ শেষের বাঁশি বাজান রেফারি। হাফ টাইমের খেলা শেষ হয় ১-০ স্কোরলাইনেই।
দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় ম্যাচে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোলদাতা সেই লিওনেল মেসি। বক্সের বাইরে থেকে ম্যাক অ্যালিস্টারের নেওয়া শট আটকালেও বল নিজের গ্রিপে রাখতে পারেননি আলজেরিয়ার গোলরক্ষক। তাঁর হাতে ধাক্কা লেগে বল ছিটকে বেরিয়ে আসে। সঠিক সময়, সঠিক জায়গায় উপস্থিত ছিলেন মেসি। রিবাউন্ড হয়ে আসা বল জালে জড়াতে ভুল করেননি আর্জেন্টিনার অধিনায়ক।
ম্যাচের সময় তখন ৭৫ মিনিট। মাঝমাঠ থেকে বল নিয়ে দৌড় মেসির। গোলবক্সের ঠিক সামনে পাস বাড়ান নিকো গঞ্জালেজ কে। তারপর তাঁর কাছ থেকে বল ফিরে পেয়েই চেনা ভঙ্গিমায় বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শট। বাঁদিকের কোনে মাটি ঘেঁষে বল জড়িয়ে যায় গোলে। বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের জন্য নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন লিও। ম্যাচ শেষের বাঁশি বাজার আগে পর্যন্ত আর কোনও গোল হয়নি। ৩-০ স্কোরলাইনেই শেষ হয় খেলা।
দুরন্তভাবেই নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ানরা। তবে, মেসি ছাড়া বেশ কিছু অংশে আর্জেন্টিনার টিম কে এদিন অগোছালো মনে হয়েছে। আলজিরিয়া সেইভাবে এমিলিয়ানো মার্টিনেজের উপর চাপ সৃষ্টি করতেই পারেনি। তবে, শক্তিশালী আক্রমণভাগের টিমের সামনে পড়লে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে আর্জেন্টিনার রক্ষণভাগ কে। আপাতত ‘মেসি, মেসি, মেসি’ চলতে থাকুক।
