তথাগত ঘোষ, শেফিল্ড টাইমস স্পোর্টস ডেস্ক: মেসি, মেসি, মেসি! বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচের শেষেও আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি বিশ্ব ফুটবলে একটাই নাম, লিওনেল আন্দ্রেস মেসি। সোমবার রাতে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ শেষ হল ২-০ স্কোরলাইনে। ম্যাচের দুটি গোলই এসেছে মেসির পা থেকে। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন, দ্বিতীয় ম্যাচে করলেন জোড়া গোল। ২৬ –এর বিশ্বকাপের মঞ্চে ইতিমধ্যেই পাঁচটি গোল স্কোর করে ফেলেছেন তিনি। যদিও, এদিনও ম্যাচের শুরুতে পেনাল্টি মিস না করলে হ্যাটট্রিক সম্পূর্ণ করে ফেলতে পারতেন তিনি।
সোমবার ম্যাচের শুরু থেকে দুরন্ত ছন্দে দেখাচ্ছিল লিওনেল স্কালোনির টিম কে। ম্যাচের পাঁচ মিনিটের মাথায় বক্সের মধ্যে লাউতারো মার্টিনেজ কে বাজেভাবে ফাউল করেন অস্ট্রিয়ার দুজন রক্ষণভাগের খেলোয়াড়। ভারের সিদ্ধান্ত বিবেচনা করে পেনাল্টি দেন অনফিল্ড রেফারি। কিন্তু, আট মিনিটের মাথায় পেনাল্টি মিস করেন লিওনেল মেসি। ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় আর্জেন্টিনার।
ম্যাচের সময় তখন ৩৮ মিনিট। মাঝমাট থেকে গোল লক্ষ্য করে দৌড় দেন থিয়াগো আলমাডা। তারপর গোলবক্সের বাঁ দিকে মেদিনাকে লক্ষ্য করে পাস বাড়িয়ে গোলবক্সে ঢুকে যান তিনি। মেদিন বল কাটব্যাক করেন বক্সের মধ্যে। তারপর, সেই বল আচমকাই নিজের পায়ের ফাঁক দিয়ে ছেড়ে দেন আলমাডা। কারণ, তখন পিছনে ঢুকছেন মেসি। বল বাঁ পায়ের কাছে আসতেই বটম রাইট কর্নার লক্ষ্য করে শট! ছবির মতো গোল। ম্যাচে ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। একইসঙ্গে মিরাস্লভ ক্লোজে কে টপকে বিশ্বকাপের সর্বকালের সর্ব্বোচ্চ গোলদাতার শিরোপা যায় তাঁর দখলে।
দ্বিতীয়ার্ধে ম্যাচে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অস্ট্রিয়া। কিন্তু, খুব বেশি সুবিধা করে উঠতে পারেনি তাঁরা। ম্যাচে কিছুটা হলেও ধীরগতি লক্ষ্যণীয় হয়। ৫৪ মিনিটের মাথায় গোলবক্সের বাঁ দিকে ফ্রিকিক পায় অস্ট্রিয়া। ফ্রিকিক থেকে সাবিটজারের নেওয়া দুরন্ত শট দক্ষতার সঙ্গে বাঁচিয়ে দেন এমি মার্টিনেজ। পরবর্তীতে চমক আসে ম্যাচের একদম শেষলগ্নে। ম্যাচে তখন ৯০ মিনিট শেষ। চলছে অতিরিক্ত সময়ের পাঁচ মিনিট। মাঝমাঠের উপর থেকে ফাঁকায় বল পেয়ে গোলের উদ্দেশ্যে দৌড় দেন তিনি। পাস দেন জুলিয়ান অ্যালভারেজ কে। অ্যালভারেজ বল মারলেও তা সেভ দিয়ে দেন গোলকিপার। তাঁর গায়ে ধাক্কা লেগে ফিরে আসা বল পড়ে মেসির পায়ে। তাঁর প্রথম শট ব্লক হয়ে গেলেও, দ্বিতীয় শটে তিনি বল জড়িয়ে দেন জালে। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে আর্জেন্টিনা। এই বিশ্বকাপেও দুরন্ত ছন্দে পারফর্ম করছে মেসি। টানা দুই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন তিনি।
