তথাগত ঘোষ, শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সোমবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আটকে গিয়েছে স্পেন। কোবে ভার্দের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে বিশ্বের দুই নম্বর ফুটবল দল। তারপরের ম্যাচেই স্পেনের পর আটকে গেল আর এক ইউরোপিয়ান হেভিওয়েট টিম বেলজিয়াম। মহম্মদ সলাহ –র ইজিপ্টের বিরুদ্ধে ড্র দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল তাঁরা। বেলজিয়াম ও ইজিপ্টের মধ্যে হওয়া গ্রুপ পর্বের এই ম্যাচ শেষ হয়েছে ১-১ স্কোরলাইনে।
প্রসঙ্গত, ২০১৮ –এ রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছিল বেলজিয়াম। সেই সময়ে বেলজিয়ামের দলে ছিল ইডেন হ্যাজার্ডের মতো দুরন্ত প্রতিভা। কিন্তু, তারপর থেকেই একাধিক সমস্যায় জর্জরিত হয়েছে বেলজিয়ামের ফুটবল দল। পারফর্ম্যান্সও ধাক্কা খেয়েছে। বেড়েছে প্রত্যাশার চাপ। সেই চাপ নিয়েই ছাব্বিশের বিশ্বকাপ খেলতে নেমেছে তাঁরা। যদিও, একাধিক তারকা ফুটবলারের উপস্থিতি সত্ত্বেও প্রথম ম্যাচের পারফর্ম্যান্স খুব একটা ভালো হল না বেলজিয়ামের।
প্রথমার্ধে শুরু থেকেই বেলজিয়ামের উপর চাপ বাড়াচ্ছিল ইজিপ্ট। একের পর এক আক্রমণ তুলে আনছিলেন মহম্মদ সলাহরা। ইজিপ্টের আক্রমণের দাপটে হিমশিম খাচ্ছিল বেলজিয়ামের রক্ষণভাব। এই টানা আক্রমণের চাপ থেকেই ২০ মিনিটে আসে প্রথম চমক। গোলবক্সের বাইরে থেকে নেওয়া ডান পায়ের দুরন্ত শটে নিজের দেশ কে ১-০ গোলে এগিয়ে দেন ইমাম আশৌর (Emam Ashour)। দূরপাল্লার শটে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ও দীর্ঘদেহী গোলকিপার থিবো কুর্তোয়াস কে পরাস্ত করা মোটেই সহজ কাজ নয়। সেই কারণেই ইজিপ্টের খেলোয়াড়ের এই গোলের তারিফ না করে উপায় নেই। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-০ স্কোরলাইনেই।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার লক্ষ্যে ঝাঁপায় বেলজিয়াম। বেশ কয়েকটি সুযোগ এলেও গোলের দেখা মেলেনি। গোলের লক্ষ্যেই পরিবর্ত হিসাবে বেলজিয়ামের সর্বাধিক গোলদাতা রোমেলু লুকাকু কে মাঠে নামান কোচ রুডি গার্সিয়া। ৬৬ মিনিটে পরিবর্ত হিসাবে মাঠে আসেন লুকাকু। তিনি মাঠে মা ফেলতেই সুফল পায় বেলজিয়াম। রোমেলুর উদ্দেশ্যে বাড়ানো বল বুঝতে না পেরেই নিজের গোলের দিকে ঠেলে দেন ইজিপ্টের রক্ষণভাগের খেলোয়াড় মহম্মদ হ্যানি। আত্মঘাতী গোল হলেও এই গোলের সম্পূর্ণ কৃতিত্ব দাবি করতে পারেন লুকাকু। তাঁকে আটকাতে গিয়েই এই গোল হয়েছে। পরবর্তীতে বেলজিয়াম আক্রমণে চাপ বাড়ালেও আর গোলের দেখা মেলেনি। তবে, এদিন দে ব্রুইনের একটি ফ্রি কিক পোস্টে গিয়ে না লাগলে খেলার ফল অন্য হতে পারত।

