তথাগত ঘোষ, শেফিল্ড টাইমস স্পোর্টস ডেস্ক: ইতিমধ্যেই বিশ্বকাপের মঞ্চে ম্যাচের নায়ক হয়ে উঠতে দেখা গিয়েছে একাধিক গোলকিপারদের। কাবো ভার্দের ভোজিনহা, কুরাসাওয়ের এলয় রুম ইতিমধ্যেই তাদের দেশের হিরো হয়ে উঠেছেন। এবার সেই তালিকায় যুক্ত হল আলিরেজা বেইরানভান্দের নাম। আলিরেজা ইরানের গোলরক্ষক। রবিবার মধ্যরাতে বিশ্বকাপের মঞ্চে আরও একটি অঘটন ঘটেছে। ইরানের কাছে আটকে গিয়েছে বেলজিয়াম। আর বেলজিয়ামের আটকে যাওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকায় উঠে এসেছেন ইরানের গোলরক্ষক। ম্যাচে একাধিক নিশ্চিত গোল আটকে দিয়েছেন তিনি। চলতি বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত অপরাজিত ইরান।
এদিন শুরু থেকেই দুই দলের মধ্যে মাঠে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। মাঠে বেলজিয়ামকে এক ইঞ্চিও জমি ছাড়েনি ইরান। ম্যাচের ২৭ মিনিটের মাথায় ফ্রিকিক থেকে দুর্দান্ত দক্ষতায় দলকে গোল করে এগিয়ে দিয়েছিলেন মেহদি তারেমি। কিন্তু, ফ্রিকিক থেকে গোলবক্সে বল রিসিভ করার সময় অফসাইড পজিশনে ছিলেন ইরানের স্ট্রাইকার। প্রথমে গোল দিয়ে দিলেও, যাচাইকরণের পর গোল বাতিল করে দেন ভার রেফারি। এই গোলটি হয়ে গেলে ম্যাচে তিন পয়েন্টও পেয়ে যেতে পারত ইরান। ম্যাচের ৬৭ মিনিটে লালকার্ড দেখেন বেলজিয়ামের রক্ষণভাগের খেলোয়াড় নাথান নগয়। কিন্তু, দ্বিতীয়ার্ধে অনেকটা সময় বেলজিয়ামকে ১০ জনে পেয়েও গোল করতে পারেনি ইরান।
শুধুমাত্র ইরানের গোলকিপার আলিরেজাই নয়, ম্যাচে একাধিকবার বেলজিয়ামকে পিছিয়ে পড়ার হাত থেকে বাঁচিয়েছেন থিবো কুর্তোয়াসও। কিন্তু, ইরানের গোলরোক্ষকের অব্যর্থ কিছু সেভের কাছে তাঁর পারফরম্যান্স ফিকে হয়ে পড়েছে। তেকাঠির নীচে আলিরেজা না থাকলে এদিন স্পষ্টভাবেই খেলার ফল অন্য হতে পারত। তাঁর একটি অব্যর্থ সেভের ছবি ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল।
অপরদিকে, ইরানের এই ইতিহাস তৈরির দিনেই বিশ্বকাপের মঞ্চে ব্যাকফুটে বেলজিয়াম। স্কোয়াডে একাধিক অভিজ্ঞ ও বয়স্ক খেলোয়াড়দের উপস্থতি, ফিনিশিংয়ের অভাব সহ একাধিক কারণে বিশ্বকাপে রীতিমতো বিপাকে পড়ে গিয়েছে বেলজিয়াম। এই পারফর্ম্যান্স অব্যাহত থাকলে চলতি বিশ্বকাপে বেলজিয়াম খুব বেশি দূর এগোতে পারবে না। এই বিষয়টি স্পষ্ট। বিশ্বকাপে এখনও পর্যন্ত বেলজিয়ামের খেলোয়াড়েরা একটিও গোল করতে পারেননি। একটি মাত্র গোল যেটি বেলজিয়ামের নামের অধীনে রয়েছে সেটিও বিপক্ষের আত্মঘাতী গোল। এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপ বেলজিয়াম সমর্থকদের জন্য খুব একটা সুখকর হয়নি।
