তথাগত ঘোষ, শেফিল্ড টাইমস স্পোর্টস ডেস্ক: ম্যাচের সময় তখন অতিরিক্ত সময়ের শেষ দিকে। দুই দলের সমর্থকরাই ধরে নিয়েছেন এক্সট্রা টাইম নিশ্চিত। ম্যাচের স্কোরলাইন ১-১। সেই সময়েই আচমকা একটি ঘটনায় ওলটপালট হয়ে গেল সমস্ত কিছু। একদম শেষলগ্নেই চলতি বিশ্বকাপে ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে বড় উপহার এনে দিলেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। বস্কের মধ্যে ব্রুনো গিমারেজের বাড়ানো বল মুহূর্তের মধ্যে রিসিভ করে ডান পায়ের শটে জড়িয়ে দিলেন জালে। ব্রাজিলকে জাপানের বিরুদ্ধে শেষ মুহূর্তে এগিয়ে দিলেন তিনি। শেষ পর্যন্ত তাঁর করা এই জয়সূচক গোলের সৌজন্যেই জাপানকে হারিয়ে পরবর্তী রাউন্ডের যোগ্যতা অর্জন করল ব্রাজিল। আরও একবার নকআউট পর্ব থেকেই বিদায় ঘটল জাপানের।
সোমবার রাতে রাউন্ড অফ ৩২ –এ জাপানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল। যদিও, ম্যাচের শুরুটা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ানদের জন্য খুব একটা ভালো হয়নি। এদিন ম্যাচে শুরু থেকেই ব্রাজিলকে বেগ দিয়েছে জাপান। এমনকি প্রথমার্ধে মাঠে লড়াইয়ের দিক থেকে এগিয়ে ছিল জাপানই। ম্যাচের প্রথম চমক আসে ২৯ মিনিট। বিশ্ব জুড়ে থাকা ব্রাজিল সমর্থকদের বড় ধাক্কা দেন জাপানের কাইসু সানো। ডানিলোর বাড়ানো ভুল পাস থেকে বল দখল করে মাঝমাঠ থেকে গোল লক্ষ্য করে দৌড় দেন তিনি। ব্রাজিলের খেলোয়াড়ের কিছু বুঝে ওঠার আগেই বক্সের সামান্য বাইরে থেকে ডান পায়ে দূরন্ত শট নেন তিনি। সেই সময় ব্রাজিলের খেলোয়াড়ের হয়ত ভাবছিলেন তিনি বল পাস দেবেন। কিন্তু, তাঁর ডান পায়ের শট আলিসন কে পরাস্ত করে গোললাইন অতিক্রম করে যায়। ম্যাচে ১-০ গোলে এগিয়ে যায় জাপান। প্রথমার্ধের শেষে স্কোরলাইন একই থেকে যায়। বেশ কয়েকবার জাপানকে বাঁচিয়ে দেন গোলরক্ষক সুজুকি।
তবে, দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুরন্ত ফুটবল খেলতে শুরু করে ব্রাজিল। ব্রাজিলের আক্রমণের চাপে কার্যত হিমশিম খেতে থাকেন জাপানের খেলোয়াড়েরা। অনেকটা নীচে নেমে ডিপ ডিফেন্স করতে দেখা যায় জাপান কে। কিন্তু, খুব বেশি সময় ব্রাজিল কে আটকে রাখা যায়নি। গ্যাব্রিয়েলের বাড়ানো বল দক্ষতার সঙ্গে হেড দিয়ে জালে জড়িয়ে দেন ক্যাসেমিরো। ৫৬ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরায় ব্রাজিল। অসামান্য ফুটবল খেলতে শুরু করেন ভিনিসিয়াস জুনিয়ার। একের পর এক আক্রমণ সত্ত্বেও শেষ মুহূর্ত অবধি ব্রাজিল কে আটকে রেখেছিল জাপান। কিন্তু, শেষলগ্নে গোল করে ব্রাজিলকে পরবর্তী রাউন্ডে পৌঁছে দিলেন মার্টিনেলি।
দুরন্ত ফুটবল খেলেও আরও একবার বিশ্বকাপের নকআউট পর্ব থেকে বিদায় নিতে হল জাপান কে। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে রাউন্ড অফ ৩২ –এই শেষ হয়ে গেল এশিয়ার দেশের বিশ্বকাপ অভিযান।
.jpeg)
