তথাগত ঘোষ, শেফিল্ড টাইমস স্পোর্টস ডেস্ক: রবিবার ভোররাতে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল ব্রাজিল। দুরন্ত ফুটবল খেললেও কার্যত সম্পূর্ণ ম্যাচ জুড়ে আন্সেলত্তির দল কে সেয়ানে সেয়ানে টক্কর দিল মরোক্ক (Brazil vs Morocco)। ম্যাচ শেষে দুই দলকেই সন্তুষ্ট থাকতে হল ১ পয়েন্টে। খাতায় কলমে ২০২৬ ফুটবল বিশ্বকাপের এই প্রথম হাইভোল্টেজ ম্যাচ শেষ হয়েছে ১-১ স্কোরলাইনে। তবে, দুই দলের গোলই হয়েছে ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। ভোররাতে ভারতীয় ফুটবল ভক্তদের একটি দুরন্ত ম্যাচ উপহার দিয়েছেন দুই দলের খেলোয়াড়েরা।
শুরু থেকেই ম্যাচে ছিল টানটান উত্তেজনা। ৫ মিনিটের মাথায় ক্ষীপ্রতার সঙ্গে দূরপাল্লার শট আটকে দেন ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড় গ্যাব্রিয়েল। পরবর্তীতে ছয় মিনিটে লক্ষ্যভ্রষ্ট হাকিমির শট। চমক আসে আর কিছু সময় পর। ২০ মিনিটের মাথায় দুরন্ত গোল মরোক্কর। আচমকাই মাঝমাঠের কাছ থেকে ডিফেন্স চেরা পাস বাড়ান ব্রাহিম ডিয়াজ। ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড়েরা হতচকিত হয়ে যান। উপায় না দেখে এগিয়ে আসেন গোলরক্ষক আলিসন। সেই সময়েই নিখুঁত দক্ষতায় আলিসনের মাথার উপর দিয়ে চিপ করে বল জালে জড়িয়ে দেন ইসমাইল সাইবারি। যদিও, খুব বেশি সময় ম্যাচে পিছিয়ে থাকেনি ব্রাজিল।
৩১ মিনিটে সমতায় ফিরে আসে নেইমারের দেশ। একক দক্ষতায় দুরন্ত গোল করেন ভিনিসিয়াস জুনিয়ার (Vinicius Jr)। বস্কের ডানদিকের কোনায় ব্রুনো গিমিরেজের বাড়ানো বল রিসিভ করেন তিনি। সেখান থেকে কাট করে ভিতরে ঢুকে ডান পায়ের দুরন্ত শট! বল তীব্র গতিতে গোললাইন অতিক্রম করে জালে জড়িয়ে যায়। সেই সময়ে শটের গতি ছিল ১০০ কিমি প্রতি ঘন্টা।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পাকুয়েতার সাইড ভলিতে মারা শট ক্ষীপ্রতার সঙ্গে আটকে দেন ইয়াসিন বোনো। গোলে ঠিকানা মাপা শটটিতে বোনো ঠিক সময় আটকে না দিলে এগিয়ে যেতে পারত ব্রাজিল। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ স্কোরলাইনে।
দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটের মাথায় গোলের সুযোগ আসে রাফিনহার সামনে। কিন্তু, ক্রসে বাড়ানো বল গোলের সামনে পায়ে ঠেকাতে ব্যর্থ হন তিনি। ৭৭ মিনিটে ফের সুযোগ আসে। ভিনিসিয়াসের বাড়ানো বল গোলকিপারের হাতে মেরে বসেন রাফিনহা। ম্যাচের একেবারে শেষদিকে মরোক্কর খেলোয়াড় এল আনুইয়ের শট দক্ষতার সঙ্গে আটকে দেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার। ম্যাচ শেষে দুই দলকেই এক পয়েন্টে সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে, দুই দলের লড়াইয়ে সামান্য একটু হলেও এগিয়ে ব্রাজিল। ম্যাচের ৫৪% বল পজিশন ছিল আন্সোলত্তির টিমের দখলে। এদিন ব্রাজিলের বেঞ্চে উপস্থিত ছিলেন নেইমার জুনিয়ার। নকআউট স্টেজের আগে তাঁর সেরে ওঠার সম্ভাবনা প্রায় নেই বলেই জানা গিয়েছে।
.jpeg)
