তথাগত ঘোষ, শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: দুরন্ত ছন্দে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল জার্মানি। ২০২৬ –এর বিশ্বকাপে জার্মানির প্রথম ম্যাচে ফিরল ২০১৪ –র স্মৃতি। ২০১৪ সালে ব্রাজিলের ঘরের মাঠে ব্রাজিল কে সেমিফাইনালে ৭-১ গোলে পরাজিত করেছিল জার্মানি। রবিবার রাতে কুরাসাও –এর বিরুদ্ধে সেই স্কোরলাইনেরই পুনরাবৃত্তি ঘটালো ম্যানুয়াল নয়ারের টিম। বড় জয় দিয়ে বিশ্বকাপে শুরুতেই নিজেদের দলের শক্তিশালী উপস্থিতি স্পষ্ট করে দিল তাঁরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল জার্মানি। ম্যাচের ৬ মিনিটের মাথায় ফ্লোরিয়ান রিটজের পাস থেকে জার্মানিকে ১-০ গোলে এগিয়ে দেন ফেলিক্স নেচা। শুরুর দিকে জার্মানিকে বেশ কিছুটা সময় সেয়ানে সেয়ানে টক্কর দিয়েছিল কুরাসাও। ম্যাচের ২১ মিনিটের মাথায় আসে চমক। গোল করে দলকে সমতায় ফিরিয়ে নিয়ে আসেন কুরাসাওয়ের লিভানো কমেনসিয়া। গ্যালারিতে আনন্দ-উল্লাসে ফেটে পড়েন কুরাসাওয়ের সমর্থকেরা। কুরাসাও খেলোয়াড়দের উদযাপনের ছবিও ছিল চোখে পড়ার মতো। বিশ্বকাপের মঞ্চে দলের প্রথম গোল বলে কথা!
কিন্তু, গোল হজম করার পর পুনরায় আক্রমণে চাপ বাড়ায় জার্মানি। সুফল মেলে ৩৮ মিনিটে। নাথানিয়েল ব্রাউনের ক্রস থেকে হেড দিয়ে দলকে পুনরায় এগিয়ে দেন নিকো শ্লটারবেক। প্রথমার্ধের একদম শেষদিকে পেনাল্টি পায় জার্মানি। দলকে ৩-১ গোলে এগিয়ে দিতে ভুল করেননি কাই হাভার্থজ।
প্রথমার্ধে কিছুটা লড়াই করলেও, দ্বিতীয়ার্ধে জার্মানির ফুটবলের সামনে বেসামাল হয়ে পড়ে কুরাসাওয়ের টিম। দ্বিতীয়ার্ধের কিছু পরেই ৪৭ মিনিটের মাথায় গোল করেন জামাল মুসিয়ালা। স্কোরলাইন দাঁড়ায় ৪-১। পরবর্তী গোল আসে ৬৮ মিনিটে। গোলদাতা নাথানিয়েল ব্রাউন। জার্মানির হয়ে ৬৮ মিনিটে ষষ্ঠ গোল ডেনিস উন্ডাভের। সাত নম্বর গোল করে পুনরায় ৭-১ স্কোরলাইনের স্মৃতি ফিরিয়ে আনেন কাই হাভার্থজ।
প্রথমবারের জন্য বিশ্বকাপের যোগ্যতা অর্জন করা কুরাসাওয়ের জন্য এটি একটি অভিশপ্ত রাত হয়ে রইল। তবে, এই ম্যাচেই জার্মানির মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে প্রথম গোল নথিভুক্ত করেছে কুরাসাও। আগামীতে তাদের লক্ষ্য হবে হারের ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরে আসা। অপরদিকে জার্মানির জন্য এই জয় বিশ্বকাপে দুর্দান্ত বুস্টারের কাজ করতে চলেছে।
