তথাগত ঘোষ, শেফিল্ড টাইমস স্পোর্টস ডেস্ক: ম্যাচের সময় তখন নব্বই মিনিট অতিক্রম করে গিয়েছে। আইভরি কোস্টের বিরুদ্ধে গোল শোধ দিলেও তখনও ম্যাচের স্কোরলাইন ১-১। সমর্থকেদের মধ্যে ফের গত দুই বিশ্বকাপের পুনরাবৃত্তির আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে। অতিরিক্ত সময়ে তখন তিন মিনিট চলছে। সেই মুহূর্তেই জার্মানির ত্রাতা হিসাবে উঠে এলেন ডেনিজ উন্ডাভ (Deniz Undav)। বক্সের মধ্যে বল রিসিভ করে দুরন্ত শটে পরাস্ত করলেন আইভরি কোস্টের গোলরক্ষক কে। খেলার একেবারে শেষলগ্নে ২-১ গোলে এগিয়ে গেল জার্মানি। শেষ পর্যন্ত উন্ডাভের করা গোলই জার্মানির জন্য জয়সূচক গোল হয়ে দাঁড়াল। গ্রুপ পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করল চারবারের বিশ্বচ্যাম্পিয়ানরা।
তবে, ম্যাচে জার্মানিকে রীতিমতো সেয়ানে সেয়ানে টক্কর দিয়েছে আইভরি কোস্ট। তাদের পারফর্ম্যান্সের তারিফ না করে উপায় নেই। শনিবারে মধ্যরাতের ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল জার্মানিই। কিন্তু, আইভরি কোস্টের গোলকিপার বল ধরতে যাওয়ার সময় তাঁর সঙ্গে ধাক্কা লাগে জার্মানির আক্রমণভাগের খেলোয়াড়ের। বল গোলকিপারের হাতে ধাক্কা লেগে ঢুকে যায় গোলে। জার্মানির খেলোয়াড়ের সঙ্গে ধাক্কার কারণেই বল গ্রিপে রাখতে পারেননি তিনি। পরিস্থিতির উপর লক্ষ্য রেখে, রেফারি গোলের বদলে ফাউল দেওয়ার সিদ্ধান্ত নেন।
পরবর্তীতে চমক আসে ম্যাচের ৩০ মিনিটে। আচমকাই এগিয়ে যায় আইভরি কোস্ট। বাঁদিক থেকে মাইনাস করা বল গোলের সামনে সরাসরি এসে পড়ে আইভরি কোস্টের খেলোয়াড়ের পায়ে। তাঁর শট ব্লক করে দেন জার্মানির ডিফেন্ডার। কিন্তু সেই রিবাউন্ড হয়ে আসা বলই গোলে ঠেলে দিতে ভুল করেননি অধিনায়ক ফ্র্যানঙ্ক কেসি। ম্যাচের গতির বিপরীতেই ১-০ গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট।
৩৮ মিনিটের মাথায় পুনরায় গোল করেন জার্মানির কাই হাভার্থজ। কিন্তু, সেই গোলটিও ফাউলের কারণে বাতিল করে দেন রেফারি। গোলের লক্ষ্যে বল কাড়তে গিয়ে ফাউল করে বসেন জামাল মুসিয়ালা। শুধুমাত্র প্রথমার্ধেই ফাউলের কারণে বাতিল হয়ে যায় জার্মানির দুটি গোল। দ্বিতীয়ার্ধেও জার্মানির উপর চাপ অব্যাহত রাখে আইভরি কোস্ট। কিন্তু, জার্মানিও আক্রমণের ধার বাড়ায়। সাফল্য আসে ৬৮ মিনিটে। গোল লক্ষ্য করে নাদিয়েম আমিরির বাড়ানো লম্বা বল বাঁ পায়ের শটে জালে জড়িয়ে দেন উন্ডাভ। ম্যাচে সমতায় ফেরে জার্মানি।
এদিন জোড়া গোল করে স্পষ্টভাবেই ম্যাচের নায়ক ডেনিজ উন্ডাভ। রাশিয়া ও কাতার, শেষ দুটি বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় ঘটেছে জার্মানির। তাদের পারফর্ম্যান্স ভালো হয়নি একেবারেই। এবারেও আইভরি কোস্টের ম্যাচ ড্র হলে ঝুঁকি বাড়ত জার্মানির। কিন্তু, টানা দুই ম্যাচে জয়ের সৌজন্যে ছয় পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই পরবর্তী রাউন্ড নিশ্চিত করে ফেলেছে জার্মানি।
