তথাগত ঘোষ, শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের প্রথম ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও জয় আসেনি। জাপানের বিরুদ্ধে আটকে গিয়েছিল নেদারল্যান্ডস। ড্র দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ডাচরা। অবশেষে শনিবার রাতে ২০২৬ সালের বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল নেদারল্যান্ডস। শুধুমাত্র জয় নয়, সুইডেনের বিরুদ্ধে এককথায় বড় মার্জিনে জয় পেয়েছে ইউরোপের এই হেভিওয়েট দলটি। ম্যাচ শেষ হয়েছে ৫-১ স্কোরলাইনে। দুটি করে গোল পেয়েছেন ব্রিয়ান ব্রবে এবং কোডি গ্যাকপো। ম্যাচে লড়াই করলেও গোলের সামনে বারংবার সুযোগ নষ্ট করার খেসারত দিতে হল সুইডেন কে।
এদিন ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই এগিয়ে যায় Netherlands । মাত্র পাঁচ মিনিটের মাথায় দলের হয়ে প্রথম গোলটি করেন ব্রিয়ান ব্রবে। বাঁ দিকের প্রান্ত থেকে কোডি গ্যাকপো গোলের উদ্দেশ্যে বল মাইনাস করলে তা গোলের সামনে থেকে জালে জড়াতে ভুল করেননি নেদারল্যান্ডসের স্ট্রাইকার। দ্বিতীয় গোলটিও আসে প্রায় একইভাবে। গোলদাতা সেই ব্রিয়ান ব্রবে। ম্যাচে মাত্র ১৭ মিনিটের মাথায় ২-০ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। প্রথমার্ধের খেলা শেষ হয় এই স্কোরলাইনেই।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ম্যাচে নিজের প্রথম গোল করেন কোডি গ্যাকপো। তারপর ৫৪ মিনিটের মাথায় তাঁর পা থেকেই আসে দ্বিতীয় গোল। ম্যাচে ৪-০ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। পরবর্তীতে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা শুরু করে সুইডেন। ৫৯ মিনিটের মাথায় একটি গোল পরিশোধ করেন অ্যান্টনি এলাঙ্গা। পরবরতীতে ধারাবাহিকভাবে আক্রমণে চাপ সৃষ্টি করলেও, গোল করতে সক্ষম হয়নি সুইডেন। চমক আসে ম্যাচের ৮৯ মিনিটের মাথায়। গোলবক্সের বাইরে থেকে নেওয়া ডান পায়ের দুরন্ত শটে সুইডেনের গোলকিপার কে পরাস্ত করেন ক্রিসেনসিও সামারভিল। ম্যাচে ৫-১ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ম্যাচ শেষ হয় একই স্কোরলাইনে।
এই মুহূর্তে চার পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে অবস্থান করছে নেদারল্যান্ডস। তাদের পরবর্তী ম্যাচ টুনিসিয়ার বিরুদ্ধে। অপরদিকে, সুইডেন রয়েছে গ্রুপের দ্বিতীয় স্থানে। জাপান পরবর্তী ম্যাচ খেলবে টুনিসিয়ার সঙ্গে। তাঁরা জয়ী হলে, সুইডেন চলে যাবে তিন নম্বরে। বিশ্বকাপে জাপানের বিরুদ্ধেই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে সুইডেন। তবে, বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ এখনও রয়েছে সুইডেনের কাছে।
