তথাগত ঘোষ, শেফিল্ড টাইমস স্পোর্টস ডেস্ক: থিবো কুর্তোয়াসের চোটের ধাক্কা, পরিবর্ত হিসাবে নামা নতুন গোলকিপারের একটা ভুল! আর তাতেই স্বপ্নের বিশ্বকাপ অভিযান শেষ বেলজিয়ামের। সম্পূর্ণ ম্যাচে সেয়ানে সেয়ানে টেক্কা দিলেও এক মুহূর্তেই ভুলেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল কেভিন দে ব্রুইনদের। বেলজিয়াম কে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন। ইউরো চ্যাম্পিয়ানদের জয়ের নেপথ্যে নায়ক সেই মিকেল মোরিনো। ম্যাচ শেষ হয়েছে ২-১ স্কোরলাইনে। জয়সূচক গোলটি এসেছে মোরিনোর পা থেকেই। সম্পূর্ণ ম্যাচ জুড়ে স্পেনের হয়ে দুরন্ত পারফর্ম করেছেন তাদের স্টার প্লেয়ার লামিন ইয়ামাল।
প্রসঙ্গত, কোয়ার্টার ফাইনালের এই হাইভোল্টেজ ম্যাচে শুরু থেকেই চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। বেলজিয়াম যে স্পেনের জন্য এতোটা কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে পারে, তা আন্দাজ করেননি অনেকেই। তবে, ম্যাচের শুরু থেকেই দর্শকদের নজড় কাড়ছিল উইং –এ স্পেনের ইয়ামালের সঙ্গে বেলজিয়ামের ডোকুর লড়াই। কিছুটা সময় পেরোতেই মাঠে নিজের দাপট দেখাতে শুরু করেন ইয়ামাল। তবে, ম্যাচজুড়ে তাঁকে বারংবার আটকে যেতে হয়েছে কুর্তোয়াসের কাছে।
ম্যাচে প্রথম চমক আসে ৩০ মিনিটের মাথায়। প্রথমে, ইয়ামালের পাশ থেকে ওলমোর দুরন্ত শট সেভ দিয়ে দেন কুর্তোয়াস। কিন্তু, ফিরতি বল সুবিধাজনক জায়গায় পেয়ে যান ফাবিয়ান রুইজ। ডান পায়ের শটে বল জড়িয়ে দেন জালে। ম্যাচে, ১-০ গোলে এগিয়ে যায় স্পেন। কিন্তু, পিছিয়ে পড়লেও লড়াই ছাড়েনি বেলজিয়াম। ৪১ মিনিটের মাথায় ডেব্রুইনের দক্ষ ডিফেন্স চেরা পাশে বক্সের বাঁ দিকে ফাঁকায় বল পেয়ে যান টিমোথি কাস্টাগনে। তাঁর ক্রসে বাড়ানো বল দক্ষতার সঙ্গে হেড দিয়ে জালে জড়িয়ে দেন চার্লস ডে কেটেলার। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ স্কোরলাইনে।
দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার স্পেনের কাছে সুযোগ এলেও তা দক্ষ হাতে আটকে দেন কুর্তোয়াস। ম্যাচে দুরন্ত ছন্দে ছিলেন বেলজিয়ামের গোলরক্ষক। কিন্তু, তারপরেই ধাক্কা আসে বেলজিয়ামের জন্য। ম্যাচে আঘাতপ্রাপ্ত হন কুর্তোয়াস। চোটের কারণে তিনি খেলা চালিয়ে যেতে পারেননি। ৭১ মিনিটে তাঁর পরিবর্ত হিসাবে মাঠে নামেন সিন ল্যামেন্স। চোখের জলে মাঠ ছাড়েন বেলজিয়ামের বর্ষীয়ান গোলরক্ষক।
কুর্তোয়াসের চোট পাওয়াই পরবর্তীতে বেলজিয়ামের জন্য সবচেয়ে বড় ধাক্কা হয়ে ওঠে। কুরবাসির দূরপাল্লার শট নিজের দখলে রাখতে পারেননি বেলজিয়ামের নতুন গোলরক্ষক। রিবাউন্ড হয়ে আসা বল জালে জড়িয়ে দেন পরিবর্ত হিসাবে ম্যাচে আসা স্পেনের মিকেল মোরিনো। পর্তুগালের পর বেলজিয়ামের বিরুদ্ধেও তিনি স্পেনের ম্যাচের নায়ক। অপরদিকে এই এক মুহূর্তের ভুলেই বিশ্বকাপ থেকে বিদায় ঘটল বেলজিয়ামের।
ডেব্রুইন, কুর্তোয়াসের মতো কিংবদন্তী খেলোয়াড়দের আর পরবর্তী বিশ্বকাপে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। এটাই বেলজিয়ামের জার্সি গায়ে বিশ্বকাপের মঞ্চে সম্ভবত তাদের শেষ ম্যাচ ছিল। অপরদিকে, চলতি বিশ্বকাপে স্পেনের বিজয়রথ অব্যাহত। সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হতে চলেছে ইউরো চ্যাম্পিয়ানরা।
