তথাগত ঘোষ, শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অন্যতম সেরা দল হিসাবে ধরা হয়েছে স্পেন (Spain) কে। একাধিক ফুটবল বিশেষজ্ঞদের মতে স্পেনের বিশ্ব চ্যাম্পিয়ান হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু, স্পেনের শক্তিশালী ফুটবল দলই আটকে গেল কাবো ভার্দে –র কাছে। বিশ্বকাপের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র দিয়ে নিজেদের অভিযান শুরু করল ইউরো চ্যাম্পিয়ানরা। সম্পূর্ণ ম্যাচ জুড়ে একাধিক সুযোগ এলেও, বল গোললাইন অতিক্রম করাতে ব্যর্থ স্পেনের খেলোয়াড়েরা।
অপরদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই চমক দিল প্রথমবারের জন্য বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী দল কাবো ভার্দে। সম্পূর্ণ ম্যাচ জুড়ে সাতটি অব্যর্থ সেভ দিয়েছেন কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনা। কার্যত চল্লিশ বছর বয়সী এই গোলকিপারের একক দক্ষতার কারণেই একাধিকবার গোলের কাছে পৌঁছালেও বল গোললাইন অতিক্রম করাতে পারেননি স্পেনের খেলোয়াড়েরা। স্পেনের বিরুদ্ধে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিনি।
চমকপ্রদ বিষয় হল ৪০ বছর বয়সেই বিশ্বকাপে ডেবিউ ঘটল এই গোলরক্ষকের। পোর্তুগিজ লিগের দ্বিতীয় ডিভিশনে পেশাগত ফুটবল খেলেন তিনি। কিন্তু, এই বুড়ো হাড়ের ভেল্কিতেই কার্যত বিশ্বকাপের প্রথম ম্যাচ শেষে তীব্র হতাশা গ্রাস করবে স্পেনের শিবিরকে।
চমকপ্রদভাবে এদিন স্পেনের কোচ ডেলাফুয়েন্তে দল সাজিয়েছিলেন লামিন ইয়ামাল কে ছাড়াই। এমনকি অফ ফর্মে থাকার কারণে ম্যাচে শুরু থেকে অনুপস্থিত ছিলেন ইউরো কাপে ঝড় তুলে দেওয়া নিকো উইলিয়ামস। নিকো এবং ইয়ামাল কে ছাড়াই ম্যাচ শুরু করে স্পেন। তাদের জায়গায় খেলছিলেন গাভি এবং ফেরান টোরেস। বলাই বাহুল্য এদিনের ম্যাচে একাধিক সহজ সুযোগ নষ্ট করেন ফেরান টরেস। প্রচুর পাস খেললেও স্পেনের আক্রমণে গতির অভাব ছিল। একইসঙ্গে দক্ষ ফিনিশারের অভাবের কারণেও সম্পূর্ণ ম্যাচ জুড়ে ভুগতে হয়েছে তাদের। ৬২% বল পজিশন, ৭৬৪ টি পাস খেলেও গোলের দেখা পায়নি তাঁরা। ম্যাচের ৭০ মিনিটে পরিবর্ত খেলোয়াড় হিসাবে মাঠে নামেন লামিন ইয়ামাল। কিন্তু, তিনিও দলকে জয়সূচক গোল এনে দিতে পারেননি।
অপরদিকে ম্যাচজুড়ে মাত্র ৩৮% বল পজিশন থাকা সত্ত্বেও, ডিফেন্সিভ মাস্টারক্লাসের সৌজন্যে ফুটবল বিশ্বের হেভিওয়েট দল কে আটকে দিল কাবো ভার্দে। বর্তমানে Cabo Verde -র ওয়ার্ল্ড র্যাঙ্ক ৬৪ । তাদের ডিফেন্সের খেলোয়াড়েরা খেলেন লিগ অফ আয়ারল্যান্ড এবং ইউএই প্রো লিগে। কিন্তু, তাদের কাছেই আটকে গেল স্পেন। যাদের ওয়ার্ল্ড র্যাঙ্ক বর্তমানে ২। ফুটবল ও বিশ্বকাপের শ্রেষ্ঠত্ব এখানেই।
