তথাগত ঘোষ, শেফিল্ড টাইমস স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের প্রথম ম্যাচে কাবো ভার্দের কাছে আটকে গিয়েছিল স্পেন। ভুরি ভুরি সুযোগ নষ্ট, ভুল দল নির্বাচনের মতো একাধিক কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছিল স্পেনের কোচ ও টিম কে। অবশেষে স্বস্তি মিলল রবিবার। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে বড় জয় পেল স্পেন। স্পেন বনাম সৌদি আরবের খেলা শেষ হয়েছে ৪-০ স্কোরলাইনে। শেষ্মুহূর্তে একটি গোল বাতিল না হলে স্কোরলাইন ৫-০ হতে পারত। ম্যাচে জোড়া গোল করেছেন মাইকেল ওরিজাবাল। বিশ্বকাপের মঞ্চে প্রথমবার চেনা ছন্দে দেখা গিয়েছে ইউরো চ্যাম্পিয়ানদের।
গত ম্যাচের বিতর্কের পর, এদিন শুরু থেকে দলের স্টার প্লেয়ার লামিন ইয়ামাল কে রেখেই টিম সাজিয়েছিলেন ডে লা ফুয়েন্টে। মাঠে লামিন ইয়ামালের উপস্থিতি স্পেনের খেলায় বড় পরিবর্তন নিয়ে আসে। গতি বাড়ে স্পেনের আক্রমণে। শুরু থেকেই সৌদি আরবের গোল লক্ষ্য করে উঠে আসতে শুরু করে একের পর এক আক্রমণ। প্রথম গোল আসে ম্যাচের ১০ মিনিটে। গোলদাতা সেই লামিন ইয়ামাল। বাঁ দিক থেকে গোল লক্ষ্য করে ওরিজাবালের বাড়ানো দ্রুতগতির বল নিখুঁত দক্ষতায় জালে জড়িয়ে দেন তিনি। ম্যাচের ২১ মিনিটে স্পেনের হয়ে দ্বিতীয় গোল করেন প্রথম গোলে অ্যাসিস্ট করা ওরিজাবাল। তাঁর মাত্র তিন মিনিট পরেই আরও একটি গোল করে স্পেন কে ৩-০ গোলে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধের খেলা শেষ হয় এই স্কোরলাইনেই।
কিন্তু, দ্বিতীয়ার্ধের শুরুতেই লামিন ইয়ামাল কে সাবস্টিটিউট করে দেন কোচ ডে লা ফুয়েন্টে। তাঁর যায়গায় পরিবর্ত খেলোয়াড় হিসাবে মাঠে নামেন ইয়েরেমি পিনো। ৪৯ মিনিটের মাথায় গোলপোস্টের খুব কাছ থেকে বুলেটের গতিতে শট মারেন সদ্য রিয়াল মাদ্রিদে সই করা স্প্যানিশ খেলোয়াড় কুকুরেয়া। তাঁর শট গোলকিপার আটকালেও সৌদি আরবের খেলোয়াড় হাসান আলটাম্বাক্টির পায়ে লেগে তা গোলে ঢুকে যায়। ম্যাচে ৪-০ গোলে এগিয়ে যায় স্পেন। কিন্তু, ইয়ামালের অনুপস্থিতির কারণে স্পেনের আক্রমণের ধার কমে যায়। এদিনও ওরিজাবালের পরিবর্ত হিসাবে মাঠে নামা ফেরান তোরেস গোলের একাধিক সহজ সুযোগ নষ্ট করেছেন। তাঁর অফফর্মে থাকার বিষয়টি আগামীতে স্পেনের জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারে। তবে, বিশ্বকাপের মঞ্চে এই বড় জয় স্পেন কে কিছুটা হলেও বাড়তি অক্সিজেন প্রদান করবে। স্পেনের পরবর্তী ম্যাচ উরুগুয়ের বিরুদ্ধে। এটিই তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ হতে চলেছে।
.jpeg)
