নিজস্ব সংবাদদাতা, নদীয়া: চোরাচালান হওয়ার পথে চোরাশিকারিদের হাত থেকে উদ্ধার বিলুপ্তপ্রায় চারটি গোল্ডেন ঈগল। নদীয়ার বাংলাদেশ সীমান্তে চাপড়া বর্ডারের গুঙরা গেট এলাকা থেকে ৮২ নম্বর সেনা জওয়ানরা এক পক্ষী চোরা চালানকারীর কাছ থেকে চারটি গোল্ডেন ঈগল উদ্ধার করেন। ওই ব্যাক্তিকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে নেওয়া হয়। উদ্ধার হওয়া চারটি বিলুপ্তপ্রায় ঈগলকে বনদপ্তরের হাতে তুলে দেয় বিএসএফ জওয়ানরা।
{link}
সূত্রের খবর অনুযায়ী জানা যায়, লুপ্ত প্রায় এই ঈগলগুলির আন্তর্জাতিক বাজারে মূল্য বিপুল। ওই পক্ষী চোরাকারবারী পাখি নিয়ে বাংলাদেশ যাচ্ছিলেন, সেই পথেই ভারতীয় সেনার হাতে গ্রেফতার হয়েছেন তিনি। বর্তমানে তার ঠাঁই হয়েছে শ্রীঘরে। অন্যদিকে বেথুয়া অভয়ারণ্যে আপাতত ওই চারটি গোল্ডেন ঈগলকে রাখা হয়েছে বলে বনদপ্তর সূত্রে খবর।
