একের পর এক ঘটনাক্রমে ক্রমাগত সংবাদমাধ্যমের হেডলাইনে উঠে আসছে অভিষেক ব্যানার্জির বাড়ি শান্তিনিকেতনের নাম। মঙ্গলবার অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরাকে জেরা করার কথা সিবিআই-এর। কিন্তু মঙ্গলবার সকালে সিবিআই আসার আগে অভিষেকের বাড়িতে হঠাৎ আবির্ভাব ঘটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেলা ১১টার কিছু পরে মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হন অভিষেকের ১৮৮এ, হরিশ মুখার্জি স্ট্রিটের বাড়িতে। সেখানে বেশ কিছুক্ষন থাকার পর তিনি অভিষেকের মেয়েকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসেন। তিনি বেরিয়ে যাওয়ার কিছুক্ষনের মধ্যেই ১১টা ৩০ নাগাৎ সেখানে প্রবেশ ঘটে সিবিআই-এর।
রাজনৈতিক মহলের বেশ কিছু ব্যাক্তিত্ব মনে করছেন এহেন কঠিন পরিস্থিতিতে নিজের পরিবারের পাশে দাঁড়াচ্ছে মুখ্যমন্ত্রী। তাই এহেন গুরুত্বপূর্ন সময়ে একজন পরিবারের অভিভাবকের ন্যায় নিজের পরিবারের পাশে দাঁড়াতেই ভাইপোর বাড়ি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যেটুকু সময় ছিলেন হয়ত পরিবারের মনোবল বাড়াতে ও পরামর্শ দিয়ে তিনি ফিরে যান বলেও বহু মানুষের মতামত। উল্লেখ্য বিষয় অভিষেকের স্ত্রী রুজিরা কে রবিবার তার বাড়িতে গিয়ে কয়লা তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়ে আসে সিবিআই। সোমবার রুজিরা জানান যে মঙ্গলবার তিনি মুখোমুখি হবেন সিবিআই-এর। সেই মতোই আজ শান্তিনিকেতনের ঘটনাক্রম ঘটে চলেছে। যদিও সিবিআই-এর চিঠি আসার পর টুইটে অভিষেক ব্যানার্জির প্রতিক্রিয়া ছিল “এভাবে ভয় দেখানো যাবে না” এবং মুখ্যমন্ত্রীও এই বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসাবেই দেখছেন। সব প্রশ্নেরই উত্তর দেবে সময়।

