নিজস্ব সংবাদদাতা, হাওড়া: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটাক্ষ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শনিবার হাওড়া ময়দানে বামেদের একটি অর্থ সংগ্রহ কর্মসূচিতে এসে তিনি বললেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার হাঁটুর বয়সি। সেইজন্য ওঁর বক্তব্য নিয়ে আমি কোনও মন্তব্য করবো না।’’ তার এই কটাক্ষের জেরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা। তবে বেশ কিছুদিন পর কোন বাম নেতৃত্বকে রাস্তায় দেখতে পেয়ে মনে জোর পেয়েছেন জেলার কর্মীরা।
{link}
এদিন সাংবাদিকরা বামফ্রন্ট চেয়ারম্যানের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া চান। বক্তব্যটি হল অভিষেক বলেছেন, বামফ্রন্ট, বিজেপি ক্ষমতা থাকলে আলাদা লড়ুক তাঁরা একসঙ্গে কেন লড়ছেন। অভিষেকের এই বক্তব্যের জবাব দিতে গিয়েই বিমান বসু এই মন্তব্য করেন। প্রসঙ্গত, বামেদের সর্বভারতীয় ক্ষেতমজুর ইউনিয়নের সম্মেলন হবে। সেই উপলক্ষে হাওড়ার বিভিন্ন অঞ্চলে অর্থ সংগ্রহ অভিযান চলছে। শনিবার হাওড়া ময়দান এলাকায় এই অর্থ সংগ্রহ অভিযান হয় তাদের। এই অভিযানে এসেই বামফ্রন্ট চেয়ারম্যান আরও বলেন, ‘‘জনগণের অর্থে আমাদের সম্মেলন সম্পন্ন হবে। কোনও কর্পোরেট আমাদের অর্থ সাহায্য করবে না। তাই দোকানদার , হকার এদের কাছ থেকেই অর্থ সংগ্রহ করছি।’’
