সাতসকালে বন্ধ কারখানার মধ্যে উদ্ধার মানুষের মাথার খুলি ও হাড়গোড়। ঘটোনাটি ঘটেছে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত একটি বন্ধ কারখানার ভিতর থেকে। কারখানাটি সেখানকার স্থানীয় একটি সিনেমাহলের পাশে অবস্থিত এবং বহুদিন ধরে বন্ধ রয়েছে সেটি বলেও জানাচ্ছেন স্থানীয় এলাকার মানুষজন। শুক্রবার সকালে স্থানীয় লোকজন প্রাতঃকৃত করতে এসে প্রথম মাথার খুলি দেখতে পায়, পড়ে থাকতে দেখে হাড়গোড়, এরপরই তারা পুলিশকে খবর দেয়। স্বাভাবিক ভাবেই ঘটনাস্থলে এই কঙ্কাল দেখতে পেয়ে বিপুল চাঞ্চল্য সৃষ্টি হয় স্থানীয় এলাকার মানুষজনের মধ্যে। ঘটনাস্থলে কঙ্কাল দেখতে ভিড় করেন উৎসুক জনতা। পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতির সামাল দেয় পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান অন্য কোথাও খুন করে সম্ভবত এই বন্ধ কারখানার ভেতরে ফেলে দেওয়া হয়েছে এই মাথার খুলি ও হাড়গোড়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে সমস্ত কিছু উদ্ধার করে নিয়ে যায়। মাথার খুলি ও হাড়গোড় ছাড়াও ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি হাতের বালা এবং একজোড়া কালো জুতো। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সম্ভবতঃ এটি কোনো পুরুষের মৃতদেহ, যদিও পুলিশের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।
