নিজস্ব সংবাদদাতা, হাবড়া: হাবড়া পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ সাহার বাড়িতে বিধ্বংসী আগুন। ঘটনাটিকে কেন্দ্র করে তিব্র চাঞ্চল্য এলাকাজুড়ে। হাবড়ার প্রফুল্লনগর এলাকার এই ভয়াবহ ঘটনায় আগুনে পুড়ে গিয়েছে বাড়ির বেশ কয়েকটি ঘর, আসবাব, জিনিসপত্র ,সাইকেল ,চার চাকা গাড়ি ,মোটরবাইক। আগুন লাগানো হয়েছে বলে বিস্ফোরক দাবি করা হয়েছে পরিবারের সদস্য ও এলাকার কাউন্সিলরের তরফ থেকে।
{link}
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে বিশ্বজিৎ বাবুর বাড়িতে আগুন দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে হাবরা থানা ও দমকলের দুটি ইঞ্জিন এসে দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কাউন্সিলর বিশ্বজিৎ সাহার পরিবার গত সোমবার পুড়ি বেড়াতে গিয়েছেন। বাড়িটি বন্ধ অবস্থায় ছিল। সেই সময়েই ঘটে দুর্ঘটনা। খবর পেয়ে তারা তড়িঘড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিশ্বজিতের ভাই অভিজিৎ সাহার অভিযোগ করেন, ঘরের ভেতরের আলমারির সমস্ত লকার ভাঙ্গা রয়েছে তাই লুটপাট চালিয়ে খুব সম্ভবত পরিকল্পনা করে আগুন লাগানো হয়েছে। একই অভিযোগ করছেন স্থানীয়েরাও। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
