নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বাড়ি থেকে পরীক্ষা দিতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। নিখোঁজ ওই উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীর এখনো পর্যন্ত কোনও খোঁজ মেলেনি। এই নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। মঙ্গলবার ছিল উচ্চমাধ্যমিকের প্রথম দিন। বাড়ি থেকে অন্য ছাত্রছাত্রীদের মতোই পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল সে। কিন্তু তারপর পরীক্ষা শেষে যখন সকলে ফিরে আসে, ওই ছাত্র আর ফেরেনি। তখনই চিন্তা বাড়তে শুরু করে বাবা-মা ও পরিবারের।
{link}
জানা গেছে, সাগরদ্বীপ ঘোষ নামের ওই ছাত্র মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিল পরীক্ষা দেবার জন্য। কিন্তু সে পরীক্ষাকেন্দ্রে যায়নি বলেই পরিবারের দাবি। মুন্সিরহাটের বড়গাছিয়া পান্নালাল হাইস্কুলে পরীক্ষার সিট পড়েছিল সাগরদ্বীপের। এই ঘটনা নিয়ে জগৎবল্লভপুর থানায় মিসিং ডায়েরি করেছেন পরিবারের লোকজন। তদন্ত শুরু করেছে পুলিশ। নিখোঁজ ছাত্রের খোঁজে চলছে তল্লাশি।
