শনিবার হাওড়া শহর চোখে পড়ল তৃণমূল কংগ্রেসের মেগা শো। অরূপ রায় ও গৌতম চৌধুরী, এই দুই হাইভোল্টেজ প্রার্থীর সমর্থনে শহরের বুকে জমজমাট রোড শো করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের মতো, ছাব্বিশেও নবান্নের শহরে নিজে ভোট প্রচারে হাঁটলেন তৃণমূল সুপ্রিমো। ছাব্বিশের নির্বাচনের ঠিক আগে হাওড়া শহরে মুখ্যমন্ত্রীর এই পদযাত্রা, ভোটের জন্য একটি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে ধারনা করছেন রাজনৈতিক মহলের একাংশ।
আজ নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরেই পদযাত্রায় অংশ নিতে শহরে আসেন মমতা। হাওড়ায় আসার ঠিক আগে সোনারপুর উত্তর ও সোনারপুর দক্ষিণের প্রার্থীর জন্য জনসভা করেন তিনি। সেই জনসভা শেষ করেই সটান চলে আসনে হাওড়া ময়দানে। বিকেল ৫ টার কিছু সময় পরে শুরু হয় তৃণমূল কংগ্রেসের মেগা রোড শো। এদিনের মিছিলে বেশ কিছু বড় চমক দিয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর পাশেই হাঁটতে দেখা গিয়েছে জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীকে। সঙ্গে ছিলেন হাওড়া সদরের একাধিক তৃণমূল কংগ্রেস প্রার্থী।
তৃণমূল কংগ্রেসের সূচি অনুসারে, মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী অরূপ রায় ও উত্তর হাওড়া কেন্দ্রের প্রার্থী গৌতম চৌধুরীর সমর্থনেই এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী। অরূপ রায় ও গৌতম চৌধুরী ছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন বালির তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র, শিবপুর কেন্দ্রের প্রার্থী রানা চট্টোপাধ্যায় এবং দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের ঘাসফুল প্রার্থী নন্দিতা চৌধুরী। রাস্তার দুধারে দলের প্রধান মুখের দর্শন পাওয়ার আশায় ভিড় জমিয়েছিলেন বিপুল সংখ্যার তৃণমূল কর্মী সমর্থকরা। পিলখানা মোড়ে গিয়ে শেষ হয় এই পদযাত্রা।
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনেও হাওড়ায় পদযাত্রা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, ছাব্বিশে সেই রুট কিছুটা পরিবর্তিত হয়েছে। শনিবারের পদযাত্রায় উত্তর হাওড়ায় নির্বাচনী প্রচারে গিয়েছেন তৃণমূল নেত্রী। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, ভোটের ঠিক আগে উত্তর হাওড়ায় প্রকাশ্যে শ্যুটআউটের ঘটনা রাজ্যজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। অভিযুক্তদের বিধায়কের পিছনেই বাইকে বসে ঘুরতে দেখা গিয়েছিল। সেই ঘটনায় রীতিমতো বিপাকে পড়ে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী। সেই ধাক্কাই শনিবার কিছুটা সামলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
