তথাগত ঘোষ, হাওড়া: শামীম আহমেদ। এই মুহূর্তে হাওড়া শহরে সর্বাধিক চর্চিত নাম। ৭ মে শিবপুরের চওড়া বস্তিতে হওয়া বোমাবাজির ঘটনায় প্রধান অভিযুক্ত। এখনও পলাতক তিনি। ৮ তারিখ তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গিয়েই প্রকাশ্যে উঠে আসে চাঞ্চল্যকর ছবি। ঘরের ভিতরেই রয়েছে সুড়ঙ্গ। সুড়ঙ্গের নীচের ঘর ঠাসা একাধিক বিলাসবহুল আসবাবপত্রে। রয়েছে চোখ ধাঁধানো বিছানা, আলমারি, বাথটাব। প্রশ্ন হচ্ছে কীভাবে নিজের এই রাজকীয় বাসভবন নির্মাণ করলেন শামীম?
সূত্রের খবর, এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসাবেই পরিচিতি শামীম আহমেদ ওরফে বড়ে। তৃণমূলের একাধিক কর্মসূচিতে প্রথম সারিতে দেখা গিয়েছে তাঁকে। মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়, হাওড়া সদরের সাংসদ প্রসূণ বন্দ্যোপাধ্যায়, ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার শ্যামল মিত্র, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাশ মিশ্রা সহ শহরের একাধিক দাপুটে নেতার সঙ্গে ছবি রয়েছে শামীমের। বিশেষ করে বিধায়ক অরূপ রায়ের ঘনিষ্ঠ হিসাবে এলাকায় পরিচিতি তিনি।
শামীমের স্ত্রী হাওড়ায় ৩১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার ছিলেন। শহরে তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের ছত্রছায়াতেই এলাকায় দাপুটে নেতা হিসাবে উত্থান তাঁর। চওড়া বস্তিতে বোমাবাজির ঘটনার আগেও একাধিক বিতর্কিত ঘটনায় নাম জড়িয়েছে শামীমের। রাম নবমীর মিছিলে বোমাবাজি, শিবপুর থানায় তান্ডবের মতো ঘটনা ঘটিয়েছেন তৃণমূলের এই বিতর্কিত মুখ। একাধিক ঘটনায় NIA -এর র্যাডারে রয়েছে এই বড়ে। আগে পুলিশের হাতে গ্রেফতারও হয়েছেন তিনি। ফলে, স্পষ্টভাবেই শহরের একজন কুখ্যাত ব্যক্তি হয়ে উঠেছেন শামীম আহমেদ।
৭ মে চওড়া বস্তিতে একাধিক বোমাবর্ষণের ঘটনা ঘটে। গুলিও চলেছিল। সেই ঘটনায় প্রধান অভিযুক্ত হিসাবে উঠে এসেছে বড়ের নাম। একই দিনে চওড়া বস্তির এলাকায় প্রচুর পরিমাণে বোমা ও গুলি রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। বেশ কিছু টাটকা বোমাও ছিল যা পড়ে ফাটেনি। এখনও পর্যন্ত পলাতক শামীম আহমেদ। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
