সোমবার সন্ধ্যায় হাওড়ায় শ্লীলতাহানির ঘটনা নিয়ে ধুন্ধুমার। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে কাসুন্দিয়া ২ বাই লেনে। প্রকাশ্য রাস্তায় তরুণীর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। হাতেনাতে অভিযুক্তকে ধরে ফেলেন ওই যুবতী। তারপর বেশ কিছু সময় স্থানীয়রা অভিযুক্তকে ধরে বেধড়প মারধর করে। পরবর্তীতে, ঘটনাস্থলে আসে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তি যুবতীর সঙ্গে একই টোটোয় বাড়ি ফিরছিলেন। সেই সময়েই প্রকাশ্যে শ্লীলতাহানী করা হয় বলে অভিযোগ। ওই তরুণী ঘটনার প্রতিবাদ করলে, তাকে অভিযুক্ত পাল্টা মারধর করেন বলেও জানা গিয়েছে। তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। স্থানীয়রা অভিযুক্তকে ধরে রাস্তার একপাশের নর্দমায় ফেলে মারধর শুরু করেন। বেশ কিছুক্ষণ অভিযুক্তকে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে অভিযুক্তকে এসে উদ্ধার করে পুলিশ।
ইতিমধ্যেই এই ঘটনায় হাওড়ার চ্যাটার্জিহাট থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। প্রথম অভিযোগ করেছেন শ্লীলতাহানির শিকার হওয়া যুবতী। একইসঙ্গে, অভিযুক্তের পরিবারের তরফ থেকেও মারধরের কারণে থানায় পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি শাসক দলের প্রাক্তন কাউন্সিলারের পরিবারের সদস্য বলে জানতে পারা গিয়েছে। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে, মারধরের কারণে শরীরে বেশ কয়েক জায়গায় গুরুতর আঘাত পেয়েছেন ওই ব্যক্তি।
এই ঘটনা প্রসঙ্গে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘হঠাতই সোমবার একটি টোটো কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুই সহযাত্রীর মধ্যে তিব্র বচসা হতে দেখা যায়। সামনে এগিয়ে গেলে বোঝা যায়, একজন তরুণী অপর ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করছেন। মুহূর্তের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় এবং পথচলতি মানুষ অভিযুক্তকে রাস্তাতে তীব্র মারধর করতে থাকেন। ক্ষোভে ফুঁসতে থাকেন অভিযোগকারিণী। পরে পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায়।‘ এই ঘটনায় ইতিমধ্যেই হাওড়া শহর জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

