ভোটের মাত্র ৭২ ঘন্টা আগেই ফের রাজনৈতিক লড়াইয়ে উত্তপ্ত হাওড়া। রবিবার সকালে স্লোগান এবং পাল্টা স্লোগান ঘিরে তৃণমূল-বিজেপির হাতাহাতি। রণক্ষেত্র পরিস্থিতি হাওড়ার লিলুয়ায়। জয় বাংলা স্লোগানকে ঘিরেই তৃণমূল বিজেপির মধ্যে গন্ডগোলের সূত্রপাত ঘটে। স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুর বারোটা নাগাদ ঘটনাটি ঘটে বামুনগাছি বি রোডে। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, উত্তর হাওড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী উমেশ রাই দলীয় সমর্থকদের নিয়ে রবিবাসরীয় প্রচারে বের হন ওই এলাকায়। সেই সময় তৃণমূল পার্টি অফিসের সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় তৃণমূল কর্মীরা জয় বাংলা স্লোগান দেয়। এতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। দু দলের কর্মীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিল বিরাট পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তৃণমূলের অভিযোগ কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। পার্টি অফিসে ঢুকে মারধর করা হয়।
এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী উমেশ রাই বলেন, আমরা রবি কিষানজি-কে নিয়ে র্যালি করছিলাম। সেই সময় তৃণমূল কংগ্রেসের ছেলেরা জয় বাংলা স্লোগান দেয়। এই নিয়ে গন্ডগোল শুরু হয়। ওরা আমাদের কর্মীদের উপর হামলা চালায়। আমরা এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছি পুলিশ কমিশনারের কাছে। নির্বাচন কমিশনের কাছেই এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
