শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ২১ এর মঞ্চে অভিষেক অভিযোগ তুলেছিলেন, রাস্তার বিভিন্ন জায়গায় তাদের কর্মীদের আটকে দিয়েছে বিজেপি। তাদের মিটিংয়ে আসতে দেয় নি। বুধবার সকালে সেই কথার উত্তর দিলেন দিলীপ ঘোষ। বুধবার সকালে চেনা মেজাজে তার পালটা দিলেন দিলীপ ঘোষ। বললেন, “আমরা তো কিছুই করিনি, চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি।” দাবাং মন্ত্রীর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই দানা বেঁধেছে বিতর্ক।তৃণমূল জমানায় বারবার বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, শাসকদলের হাতে আক্রান্ত তাঁদের কর্মীরা। দক্ষিণ ২৪ পরগনায় জে পি নাড্ডার গাড়িতে হামলার ঘটনাও ঘটেছে। তবে সময়ের চাকা ঘুরেছে। বর্তমানে শাসকের আসনে বিজেপি, বিরোধী তৃণমূল। গতকাল, মঙ্গলবার ছিল একুশে জুলাই।
কালীঘাট তৃণমূলের শহিদ স্মরণের মঞ্চ থেকে অভিযোগ করা হয়েছিল বিভিন্ন জায়গায় কর্মীদের আটকানো হয়েছে। ফলে তাঁরা কলকাতা আসতে পারেননি। এই অভিযোগ শুনেই ফুঁসে উঠলেন দিলীপ ঘোষ। অন্যান্যদিনের মতোই বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানেই আটকানোর অভিযোগের প্রসঙ্গ উঠতেই চাঁচাছোলা ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। বলেন, “দিন পালটেছে। তাই আপনারা এখনও ঘুরে বেড়াচ্ছেন। আমাদের সঙ্গে যা করেছেন, আমি কিছুই করিনি। চাইলে জামা কাপড় খুলে রাস্তায় মারতে পারতাম। এখনও চাইলে পারি।” এরপর দিলীপ আরও বলেন, “আগের দিলীপ আর এই দিলীপ এক নয়। সংযম দেখাচ্ছি ভুলে যাবেন না।”
