নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তৃণমূল নেতা শিবশঙ্কর নায়েকের বাড়িতে হামলা চালান গ্রামের বাসিন্দারা। এই তৃণমূল নেতার ছেলেকে গাছে বেঁধে মারধর করা হয়। এবার একই ধরনের ঘটনা দেখা গেল রাজ্যের অন্য প্রান্তে। সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের ভগবানগোলায় তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল দলীয় কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। রীতিমতো ভাঙচুর চালানো হয় বিধায়কের বাড়িতে। পরে ঘটনাস্থলে পৌঁছে সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
{link}
ভগবানগোলার বিধায়কের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ দলের স্থানীয় নেতা-কর্মীদের। ইদ্রিস আলির বিরুদ্ধে শাসক দলের নেতা-কর্মীদের অভিযোগ, ব্লক সভাপতি করে দেওয়ার জন্য দলের একাধিক কর্মীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছেন তিনি। দলেরই এক কর্মীর দাবি, ব্লক সভাপতি করে দেওয়ার জন্য অপর এক কর্মীর কাছ থেকে সম্প্রতি ৪৫ লক্ষ টাকা নিয়েছেন ওই বিধায়ক। শুধু তাই নয়, আইসিডিএস-এর চাকরি, অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে চাকরি, আশাকর্মী পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে স্থানীয় মহিলাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন ইদ্রিস আলির ছেলেও। দলের নেতার এই দুর্নীতিতে ক্ষোভে ফেটে পড়েছেন শাসক দলের স্থানীয় নেতা-কর্মীরা। দুর্নীতির অভিযোগে সোমবার রাতে বিধায়কের বাড়িতে চড়াও হন একদল তৃণমূল কর্মী। তাঁদের দাবি, অবিলম্বে এই দুর্নীতিগ্রস্ত বিধায়ককে পদ থেকে অপসারিত করতে হবে। বিধায়কের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভে ভাঙচুর চালানো হয় তাঁর বাড়িতে।
{link}
এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভগবানগোলায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেয় ভগবানগোলা থানার পুলিশ। অন্যদিকে, দুর্নীতির অভিযোগ উঠেছে স্থানীয় ব্লক সভাপতি আব্দুল রউফের বিরুদ্ধেও। এ বিষয়ে জেলা নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েও, সুরাহা না পেয়ে অবশেষে রাজ্য নেতৃত্বের দ্বারস্থ হয়েছেন স্থানীয় একাধিক নেতা। সবমিলিয়ে শাসক দলের অভ্য়ন্তরে বিশৃঙ্খলার বাতাবরণ তৈরি হয়েছে ভগবানগোলা ১ ও ২ নম্বর ব্লকে।
