তথাগত ঘোষ: মঙ্গলবার রাজ্যের বিধানসভা নির্বাচনের তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। গতকাল সিপিআইএম ও বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করলেও তা ছিল অসম্পূর্ণ। সেই ক্ষেত্রে দেরিতে হলেও সম্পূর্ণ তালিকা প্রকাশ করে লড়াইয়ের ময়দানে চমকপ্রদ প্রত্যাবর্তন মমতা বন্দোপাধ্যায়ের দলের। মঙ্গলবার অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলির পাশাপাশি হাওড়ার ১৬ টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করে দিয়েছে তৃণমূল। এই তালিকাতেও রয়েছে একাধিক বড় চমক। টিকিট পেয়েছেন অরূপ, রায় নন্দীতা চৌধুরীর মতো বর্ষীয়ান নেতা-নেত্রীরা। অপরদিকে বাদ পড়ে গিয়েছেন কল্যান ঘোষ, সীতানাথ ঘোষের মত দাপুটে ও জনপ্রিয় নাম। নতুন মুখ হিসাবে টিকিট পেয়েছেন যুব নেতা কৈলাশ মিশ্রা। হাওড়ায় কোন বিধানসভা কেন্দ্রে কাকে প্রার্থী করা হয়েছে? দেখে নিন-
বালি: এই বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ে বড় চমক দিয়েছে তৃণমূল। প্রার্থী করা হয়েছে যুব রাজনীতি থেকে উঠে আসা কৈলাশ মিশ্রা কে। তিনি কার্যত হাওড়া শহরে এবার তৃণমূলের বড় বাজি হতে চলেছেন। যদিও, রাজনৈতিক ময়দানে কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে তৃণমূলের এই যুব নেতা কে।
উত্তর হাওড়া: এই বিধানসভা কেন্দ্রে নিজেদের পুরানো সৈনিক গৌতম চৌধুরীর উপরেই আস্থা রেখেছে তৃণমূল। কিছুদিন আগেই একটি খুনের ঘটনার জেরে বিতর্কে জড়িয়েছিলেন গৌতম। আদৌ তিনি টিকিট পাবেন কী না, সেই বিষয়টিকে ঘিরেও সংশয় তৈরি হয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত গৌতমেই আস্থা রাখল তৃণমূল শিবির।
মধ্য হাওড়া: মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রেও প্রার্থীর নাম অপরিবর্তিত। এই আসনে দলের বর্ষীয়ান ও অভিজ্ঞ নেতা অরূপ রায়ের উপরেই ভরসা রেখেছে ঘাসফুল শিবির। ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও ঘাসফুল শিবিরের প্রার্থী হিসাবে লড়াইয়ের ময়দানে অরূপ রায়।
{link}
শিবপুর: বাদ পড়লেন মনোজ তিওয়ারি। একাধিক বিতর্কে জড়িয়ে থাকার কারণেই তাকে দল সরিয়ে দিয়েছে বলে মত বিশেষজ্ঞ মহলের একাংশের। এই আসনে দলের প্রার্থী হয়েছেন রানা চট্টোপাধ্যায়কে। তিনি গতবারে বালি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। এবার নতুন ময়দানে লড়াই করতে হবে তৃণমূলের চিকিৎসক প্রার্থীকে।
দক্ষিণ হাওড়া: একুশের পর ছাব্বিশেও এই আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে নন্দিতা চৌধুরীকে। অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের কন্যা এই বছরও ঘাসফুল শিবিরের হয়ে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সাঁকরাইল: সাঁকরাইলে তৃণমূল শিবিরের হয়ে লড়াইয়ের ময়দানে প্রিয়া পাল। গতবার এই কেন্দ্র থেকেই ঘাসফুল শিবিরের জয়ী প্রার্থী ছিলেন প্রিয়া।
পাঁচলা: পাঁচলাতেও নিজেদের পরিচিত সৈনিকের উপরেই আস্থা রেখেছে তৃণমূল শিবির। এই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়াই করবেন গুলশান মল্লিক।
উলুবেড়িয়া পূর্ব: এই আসন থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি হাওড়ার রাজনৈতিক মহলে নতুন মুখ। তবে, রাজ্য রাজনীতিতে যথেষ্ট দাপুটে নাম ঋতব্রত।
উলুবেড়িয়া দক্ষিণ: এই বিধানসভা কেন্দ্রেও তৃণমূলের চেনা মুখকেই প্রার্থী করা হয়েছে। এই আসনে লড়াই করবেন পুলক রায়। দলের অভিজ্ঞ নেতার উপরেই আস্থা রেখেছে ঘাসফুল শিবির।
{link}
শ্যামপুর: এই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে নদেবাসী জানা কে। এই প্রার্থীও তালিকায় বড় চমক বলে মত বিশেষজ্ঞ মহলের একাংশের।
বাগনান: বাগনান আসনেও প্রার্থী অপরিবর্তিত। এই আসনে তৃণমূলের হয়ে লড়াই করবেন অরুণাভ সেন (রাজা)।
আমতা: আমতা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সুকান্ত পাল কে। তিনিও গতবার এই একই আসন থেকে তৃণমূলকে জয় এনে দিয়েছিলেন।
উদয়নারায়নপুর: এই আসন থেকে তৃণমূলের হয়ে লড়াই করবেন সমীর কুমার পাঁজা। তিনিও পরিচিত মুখ।
{link}
জগৎবল্লভপুর: এই আসন থেকে বাদ পড়ে গিয়েছেন তৃণমূলের জনপ্রিয় নেতা সীতানাথ ঘোষ। পরিবর্তে তাঁরই কাছের লোক হিসাবে পরিচিত সুবীর চট্টোপাধ্যায় কে প্রার্থী করেছে ঘাসফুল শিবির।
ডোমজুড়: ডোমজুড় বিধানসভা কেন্দ্রেও চমক। রাজীবের গড় হিসাবে পরিচিত ডোমজুড়ে গতবার জয়ী হয়েছিলেন কল্যাণ ঘোষ। কিন্তু, এবার তালিকা থেকে বাদ পড়ে গিয়েছেন তিনি। পরিবর্তে প্রার্থী করা হয়েছে তাপস মাইতিকে।
{ads}