নিজস্বা সংবাদদাতা, বাঁকুড়াঃ ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক ন'বছরের আদিবাসী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠলো অজ্ঞাত পরিচয় দূস্কৃতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী থানার মানিক বাজার গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
{link}
স্থানীয় সূত্রে খবর, আদিবাসী ওই শিশুটির বাবা ও মা গত কয়েক বছর আগে মারা যান। মা মারা যাওয়ার পর থেকে সে পিসির সাথেই গ্রামের বাড়িতে থাকতো। অন্যান্য দিনের মতো সোমবার রাতে সে যখন বাড়িতে ঘুমোচ্ছিল তখনই তাকে কেউ বা কারা তুলে নিয়ে যায় বলে অভিযোগ। বিষয়টি এলাকায় জানাজানি হতেই সোমবার রাতেই গ্রামের লোক তাকে খোঁজাখুঁজি করতে শুরু করে দেন। কিন্তু দীর্ঘক্ষণ খোঁজার পরও সন্ধান মেলেনি তার। জানা যায় মঙ্গলবার ভোরে সে নিজেই রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফেরে। এরপর খবর দেওয়া হয় পুলিশে। গ্রামে আসেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) গণেশ বিশ্বাস, বিষ্ণুপুরের এস.ডি.পি.ও কুতুবউদ্দিন খান এবং সোনামুখী থানার আই.সি সূর্যদীপ্ত ভট্টাচার্য। স্থানীয় বাসিন্দা বৈদ্যনাথ টুডু ও বুধন মুর্ম্মুর অভিযোগ, ওই নাবালিকাকে 'ধর্ষণ' করা হয়েছে। তাদের আরও অভিযোগ, রাতে বিষয়টিকে তারা ছেলেধরার ঘটনা বলে মনে করেছিলেন। তবে ভোরে ওই নাবালিকা বাড়ি ফিরলে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়। এলাকায় মদের ঘাটির সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় এই ধরণের দূস্কর্ম ঘটনা ঘটছে বলে তারা দাবি করেন।
{link}
মানিক বাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান অরিজিৎ মল্লিক বলেন, পুলিশে অভিযোগ জানানো হয়েছে। গ্রামে পুলিশের শীর্ষ আধিকারিকরা এসেছিলেন। দু'এক দিনের মধ্যেই অভিযুক্তকে ধরা যাবে বলে তিনি আশাপ্রকাশ করেন। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে, পুলিশ তার তদন্ত শুরু করেছে।
