সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ জমি নিয়ে বিবাদ চলছিল দীর্ঘদিন ধরেই। কিন্তু তার পরিণতি যে একেবারে জোড়া খুন, একথা কেউ ভাবতে পারেনি। জমি বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে দুই ব্যক্তিকে কুপিয়ে খুন করলো প্রতিবেশীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার অন্তর্গত মাহিতলাতে।
{link}
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, জমি সংক্রান্ত বিষয় নিয়ে গত কয়েক মাস ধরেই বাবলু শেখ ও ইজাজুল শেখের পরিবারের মধ্যে বিবাদ চলছিল। গত মঙ্গলবার ঈদের দিন অভিযুক্ত বাবলু শেখের পরিবারের সদস্যরা ইজাজুল শেখের পরিবারের সদস্যদের কটূক্তি করায় ফের ওই দুই পরিবারের মধ্যে অশান্তি চরমে ওঠে। অভিযোগ, সেই সময় বাবলু শেখ ও তার পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ইজাজুল শেখের পরিবারের উপর। বাড়ির সামনে এলোপাতাড়িভাবে কোপানো হয় ইজাজুলকে এমনটাই অভিযোগ তার পরিবারের। তাকে বাঁচাতে গেলে ভাই মিন্টু শেখ কেও ঘটনাস্থলে কোপানো হয় বলে অভিযোগ। এরপর স্থানীয় কিছু বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় আজিজুল ও মিন্টুকে মগরাহাট ব্লক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শুরু করার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই তাদের স্থানান্তরিত করা হয় ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু তাসত্ত্বেও শেষ রক্ষা হয়নি। এই ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে অভিযুক্ত বাবলু শেখ ও দিলু শেখ সহ তাদের পরিবারের লোকজনেরা।
{link}
যদিও তাতে বিশেষ কোন লাভ হয়নি। ইজাজুলের পরিবারের অভিযোগের ভিত্তিতে এবং ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে ডায়মন্ডহারবারের এসডিপিও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের জেরা করে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের বুধবার ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলা হয়েছে। এই ঘটনার ফলে এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
.jpeg)
