সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ সুন্দরবনের একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা ব্লকের বনশ্যাম নগর এলাকায়। অভিযুক্ত ওই শিক্ষকের নাম সুবিমল ভুঁইয়া। তার বিরুদ্ধে অভিযোগ, সুন্দবনের প্রান্তিক এলাকাবাসীদের ঘর পাইয়ে দেবার নাম করে ওই শিক্ষক লক্ষাধিক টাকা আত্মসাৎ করেন। টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা।
{link}
স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত ওই শিক্ষক শিবনগর সিন্ধুবালা শিশু বিতান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিক্ষোভকারীদের অভিযোগ, গৌড়ীয় মঠ নামে একটি সংস্থা থেকে ঘর পাইয়ে দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে কাগজপত্র এবং কিছু টাকা নেন তিনি। সেই কাগজ হাতিয়ার করে অভিনব পদ্ধতিতে টাকা তুলে নেওয়া হয়েছে বলে দাবি এলাকাবাসীর। তাদের অভিযোগ, ওই শিক্ষক স্কুলের অভিভাবক বিশেষ করে মহিলাদের সঙ্গে কথা বলে তাদেরকে গৌড়ীয় মঠ নামে একটি সংস্থা থেকে দু লক্ষ টাকার উপরে ঘরে পাইয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার জন্য প্রত্যেকের কাছ থেকে তিনি আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্কের অ্যাকাউন্ট সহ একাধিক কাগজপত্র নিয়েছিলেন।এমনকি আধার কার্ডের জেরক্সের উপরে টিপসই ও করিয়ে নেয় বলে অভিযোগ। আর সেই টিপসই নিয়ে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা তুলে নিয়েছেন তিনি।
{link}
এই খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এলাকায় পোস্টার লাগানো হয়। অবশ্য যার বিরুদ্ধে অভিযোগ তিনি পরোক্ষভাবে সেই অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, তার সঙ্গে প্রতারণা করেছেন তার এক পরিচিত লোক। তার কথায় তিনি বাড়ি দেওয়ার নাম করে কাগজপত্র নিয়েছিলেন। সেই ব্যক্তি অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছেন বলে দাবি করেন ওই শিক্ষক। অভিযুক্ত গ্রামবাসীদের চাপে পড়ে তিনি টাকা ফেরত দেবেন বলেও জানিয়েছেন। বিক্ষোভকারীদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পাথরপ্রতিমা থানার পুলিশ। তবে একজন শিক্ষক হয়ে কিভাবে তিনি প্রতারণা করেছেন সেই নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
