নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার বেহাল দশা, রাস্তা ঠিক করার দাবিতে বিডিও অফিসের সামনে রাস্তা অবরোধ সিপিআইএমের যুব সংগঠন ডি ওয়াই এফ আই এর। শুক্রবার ঘটনাটি নদীয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া বাস স্ট্যান্ড থেকে আরবান্দি যাওয়ার রাস্তার ঘটনা। অবরোধকারীদের অভিযোগ, রাস্তাটি বিডিও অফিসের সামনে হওয়া সত্ত্বেও রাস্তার এই বেহাল অবস্থা দেখে প্রশাসন কোনোও পদক্ষেপ নেয়নি।
{link}
অবরোধকারীরা জানান, এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুল ছাত্রী থেকে শুরু করে বিডিও অফিসের উদ্দেশ্যে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। শুধু তাই নয়, এই রাস্তা বাদকুল্লা থেকে ফুলিয়া যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা। হাজার হাজার দুধ ব্যবসায়ীরাও এই রাস্তাটির ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরেই রাস্তার অবস্থা বেহাল। খানাখন্দে ভরে গেছে পুরো রাস্তাটি। বৃষ্টির জল জমলে কোথাও গর্ত না বোঝার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে। প্রতিনিয়ত ওই রাস্তা দিয়ে ভয়ে ভয়ে যাতায়াত করতে হয় স্থানীয়দের। অভিযোগ, বিডিও অফিসের সামনে দিয়ে রাস্তাটি হওয়া সত্ত্বেও রাস্তা সারাই করার জন্য কোনো পদক্ষেপই নেয়নি প্রশাসন। তাই রাস্তা সারাই করার দাবিতে প্রায় এক ঘণ্টা ধরে বিডিও অফিসের সামনে পথ অবরোধ করলেন শান্তিপুর সিপিআইএমের যুব সংগঠন ডিওআইএফআই এর কর্মীরা। তাদের দাবি, অবিলম্বে প্রশাসনকে উদ্যোগ নিয়ে এই রাস্তা সারাই করতে হবে।
{link}
দীর্ঘক্ষন পথ অবরোধের জেরে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষদের। কিছুক্ষনের জন্য যান চলাচল ব্যাহত হলেও কিছুক্ষনের মধ্যেই স্বাভাবিক হয়ে যায় যান চলাচল।দ্রুত রাস্তা সারাই এর ব্যাবস্থা না করা হলে এর থেকেও আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা, এমনটাই হুঁশিয়ারি দিয়ে অবশেষে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।
