নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনাঃ ছয় বছরের শিশু পুত্রকে খুন করে পলাতক বাবা। ঘটনাটি ঘটেছে গোসাবার পাঠানখালি দ্বীপে। অভিযুক্তের নাম আশান সর্দার। ঘটনার দিনেই গভীর রাতে গোসাবা থানার পুলিশ তল্লাশি চালিয়ে ভাঙ্গর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
{link}
স্থানীয় সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই আশান ও তার স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল। তার কারণেই তার স্ত্রী অন্যত্র থাকতে শুরু করেন। জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে বাড়ির কাছাকাছি খেলা করছিল তাদের বছর ছয়েকের ছোট ছেলে নাজিম সর্দার। এরপর দুপুরে খাবার সময় পেরিয়ে গেলেও যখন ছেলে বাড়ি ফিরল না তখন স্বাভাবিক ভাবেই শুরু হয় খোঁজাখুঁজি। এদিকে সকাল থেকে অভিযুক্তকে বাড়িতে অনুপস্থিত দেখে প্রতিবেশীদেরও সন্দেহ হয়। ছেলেটির মা তার বাবাকে ছেলের খোঁজে ফোন করলে এলোমেলো উত্তর দেয় তিনি।
{link}
এরপর অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটি পুকুরের ধারে মেলে কিশোরের মৃতদেহ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর ছেলেটির মা গোসাবা থানায় লিখিত অভিযোগ করলে শুরু হয় তল্লাশি । গভীর রাতে ভাঙ্গর থানার একটি স্থানে অবশেষে ধরা পরে অভিযুক্ত আশান সর্দার। পুলিশের জেরায় দোষ স্বীকার করলেও আপাতত পুলিশের হেফাজতে নিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলবে বলে পুলিশ সূত্রে খবর।
