নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ হাঁসখালি গণধর্ষণকাণ্ডে এবার গ্রেফতার মূল অভিযুক্ত সোহেল গোয়ালীর বাবা সমরেন্দু গোয়ালী এবং তার এক বন্ধু। শুক্রবার গভীর রাতে তাদের গ্রেফতার করে সিবিআই। সূত্রের খবর, শনিবার ওই দুই অভিযুক্তকে রানাঘাট আদালতে তোলা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে তথ্য গোপন ষড়যন্ত্র সহ একাধিক মামলা রুজু করেছে সিবিআই।
{link}
উল্লেখ্য, দুদিন আগে হাঁসখালি থানার বগুলা এলাকা থেকে প্রথমে সমরেন্দু গোয়ালী কে আটক করে সিবিআই। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে কৃষ্ণনগরের অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা। ওইদিন তাকে দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদের পর ছেড়েও দেওয়া হয়। সিবিআই সূত্রের খবর, সমরেন্দু কে জিজ্ঞাসাবাদ করে তারা যে উত্তর পেয়েছিলেন, তদন্তে নামার পর তার অনেক কিছুতেই অসঙ্গতি পাওয়া যায়। যার ফলে শুক্রবার তাকে গ্রেফতার করে সিবিআই এর প্রতিনিধিরা। সমরেন্দুর সঙ্গে তাঁর এক বন্ধু কেও গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের পুনরায় জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রের খবর।
{link}
তদন্তের স্বার্থে নতুন করে জিজ্ঞাসাবাদ করার কারণে শনিবার সিবিআই আদালতের কাছে দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। আদালত তাদের আবেদনে সাড়া দিয়ে দুই অভিযুক্তকে সিবিআই হেফাজতের নির্দেশ দেয়। তাদের জিজ্ঞাসাবাদ করে নতুন কোন তথ্য উঠে আসতে পারে বলে অনুমান করছেন কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার কর্তারা। এই নিয়ে হাঁসখালি গণধর্ষণকাণ্ডে মোট আটজনকে গ্রেপ্তার করল তদন্তকারী আধিকারিকরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কবে শেষ হবে সিবিআই তদন্ত? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সমগ্র হাঁসখালি জুড়ে।
