সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ স্ত্রীকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার থানার অন্তর্গত ঘাটেশ্বর এলাকায়। অভিযুক্ত স্বামী সৌরভ চক্রবর্তী পেশায় মন্দিরবাজার থানার সিভিক ভলান্টিয়ার। থানা অভিযোগ না নেওয়ায় অভিযুক্ত স্বামীর শাস্তি চেয়ে মহকুমা শাসকের দ্বারস্থ নির্যাতিত গৃহবধূ।
{link}
নির্যাতিত গৃহবধূ জানান, গত ৫ বছর আগে বাড়ি থেকে দেখাশোনা করে সৌরভ চক্রবর্তীর সাথে বিয়ে হয় তার। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে প্রায়ই তাকে মারধর করতো স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। এমনকি তার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলেও তিনি জানিয়েছেন। এই নিয়ে বাড়িতে অশান্তির জেরে গত ১৯ মে সৌরভ তাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে বলে তার অভিযোগ। এরপর ওই নির্যাতিতা গৃহবধূ আহত অবস্থায় প্রতিবেশীদের সাহায্যে কোনরকমে প্রাণ বাঁচিয়ে কুলপি গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়। যদিও প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা তাকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন।
{link}
অন্যদিকে এই ঘটনায় স্বামীর বিরুদ্ধে মন্দির বাজার থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানার পক্ষ থেকে অভিযোগ নিতে অস্বীকার করা হয় বলে দাবি ওই নির্যাতিতার। শেষ পর্যন্ত পুলিশের সাহায্য না মেলায় তিনি তার স্বামীর শাস্তির দাবি জানিয়ে ডায়মন্ড হারবারের মহকুমা শাসকের কাছে দ্বারস্থ হন। যদিও এই ঘটনা জানাজানি হতেই প্রত্যাশিত ভাবে পুলিশের পক্ষ থেকে জানানো হয় নির্যাতিতা গৃহবধূর কাছ থেকে অভিযোগ পেলেই বিষয়টি খতিয়ে দেখা হবে।
