সুদেষ্ণা মন্ডল , দক্ষিন ২৪ পরগনা:- উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে বাংলায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে এই নিম্নচাপ অবস্থান করছে। দক্ষিণ পশ্চিম দিকে কিছুটা ঝুঁকে রয়েছে। আগামী ২৪ ঘন্টায় এটি আরও শক্তিশালী হবে বলে জানা গিয়েছে। নিম্নচাপের জেরে গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্যের মৎস্য দপ্তর। দুর্যোগ মোকাবিলায় সোমবার ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক।
{link}
সোমবার কাকদ্বীপের সেচ দপ্তরে এই বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা ও সেচ প্রতিমন্ত্রী সামীনা ইয়াসমিন এছাড়াও উপস্থিত ছিলেন কাকদ্বীপ মহকুমারের সেচ দপ্তরের আধিকারিকেরা। দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কয়েক ঘন্টা বৈঠক চলে। নিম্নচাপ ও পূর্ণিমার কোটালের জোড়া ফালায় সুন্দরবনের নদীগুলিতে জলস্ফীতি দেখা দেবে। ইতিমধ্যে নিম্নচাপের জেরে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে মাটির নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় আতঙ্কিত সুন্দরবন বাসী। অনুমান করা হচ্ছে, উপকূলবর্তী এলাকাগুলিতে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। আনুমানিক প্রায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
{link}
প্রশাসনিক আধিকারিকের সঙ্গে বৈঠক শেষে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে যুদ্ধকালীন তৎপরতায় সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের নদী বাঁধ মেরামতির কাজ চালানো হচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। জেলার ব্লক প্রশাসনের আধিকারিকদেরও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উপকূল তীরবর্তী এলাকার মানুষজনকে মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে। জেলা প্রশাসন বিপর্যয় মোকাবিলার জন্য সবরকম ভাবে প্রস্তুত বলে জানান তিনি।

