নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনাঃ জয়নগর থানার উদ্যোগে এলাকার স্কুলপড়ুয়াদের মহাকাশ চেনাতে জয়নগরে হয়ে গেল এক বিশেষ প্রশিক্ষণ শিবির। অত্যাধুনিক টেলিস্কোপ এবং জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে মহাকাশ দেখার সুযোগ পেল জয়নগর থানা এলাকার প্রায় দেড় শতাধিক ছাত্র ছাত্রী। পাঠ্যপুস্তকে পড়া মহাকাশের গ্রহ নক্ষত্র দের সম্পর্কে পারদর্শী প্রশিক্ষকদের মাধ্যমে খুঁটিনাটি বিষয় জানা এবং অত্যাধুনিক টেলিস্কোপ এর মাধ্যমে তা চাক্ষুষ করার সুযোগ পেলো জয়নগর থানা এলাকার চতুর্থ থেকে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীরা।
{link}
এদিন জয়নগর থানা, প্রত্যয়, জয়নগর উত্তর ও পূর্ব চক্রের বিদ্যালয়ের অবর পরিদর্শকদের উদ্যোগে এবং জয়নগর ১ নং ব্লক অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত হল এই বিশেষ প্রশিক্ষণ শিবির। অনুষ্ঠানের শুরুতে বারুইপুর পুলিশ জেলার স্বয়ংসিদ্ধার পক্ষ থেকে বারুইপুর মহিলা থানার ছাত্র-ছাত্রীদের মানব পাচার, বাল্যবিবাহ, শিশুশ্রম ও গার্হস্থ্য হিংসা বিষয়ে সচেতন করেন। সাইবারক্রাইম সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতন করেন জয়নগর থানার আইসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ , অতিরিক্ত পুলিশ সুপার , বারুইপুর মহিলা থানার আইসি, স্কুল ইনস্পেক্টর কৃষ্ণেন্দু ঘোষ এবং জয়নগর থানার আইসি সহ বহু বিশিষ্ট ব্যক্তি। এদিন বিকালে থানা প্রাঙ্গণে পারদর্শী প্রশিক্ষকরা জায়েন্ট স্ক্রিন এর মাধ্যমে প্রথমে ছাত্র-ছাত্রীদের মহাকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান এবং খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেন।এরপর অন্ধকার নামার সাথে সাথেই জয়নগর থানার ছাদে অত্যাধুনিক টেলিস্কোপ এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মহাকাশ দেখানো হয়। স্কুল ইনস্পেক্টর কৃষ্ণেন্দু ঘোষ জানান,মহাকাশ সম্পর্কে ছাত্র ছাত্রীদের নানান কৌতুহল থাকে,সেই কৌতুহলের অবসান ঘটাতে এই উদ্যোগ।
{link}
অনুষ্ঠান সম্পর্কে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার বলেন, বর্তমান সমাজে সাইবার ক্রাইম একটা বড় সমস্যা,সে ব্যাপারে শিশুদের সচেতন করা,শিশু পাচার নিয়ে সচেতন করা এবং পরিশেষে ছাত্র ছাত্রীদের টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে জেলার অন্যান্য থানাতেও এধরনের অনুষ্ঠান করা হবে বলে জানান তিনি। টেলিস্কোপ এর মাধ্যমে এভাবে মহাকাশ দেখার সুযোগ পেয়ে ছাত্রছাত্রীরাও বেশ খুশি। খুশি ছাত্র-ছাত্রীদের অভিভাবকরাও।
