নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া চটকাতলা এলাকার। আহত ওই গৃহবধূর নাম রিম্পা রায়(২১)। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি রানাঘাট মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
{link}
স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে ওই গৃহবধূর ধানতলা থানার অন্তর্গত হিজুলিতে দেখাশোনা করে বিবাহ হয়। বিয়ের পর থেকেই অশান্তি লেগে থাকত সংসারে। অশান্তির কারণে ওই গৃহবধূ তার বাবার বাড়িতে থাকতেন। গৃহবধূর পরিবারের অভিযোগ, গতকাল রাতে তাদের বাড়িতে একদল দুষ্কৃতী বাড়ির ছাদ দিয়ে গৃহবধূর ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপ মারে এবং তার গায়ে ফিনাইল ছিটিয়ে দিয়ে চম্পট দেয় আততায়ীরা। চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে ওই গৃহবধূকে উদ্ধার করে ফুলিয়া ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় রানাঘাট মহাকুমা হাসপাতালে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন।
{link}
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুরো ঘটনার তদন্তের জন্য পুলিশ ওই ঘর টিকে তালা বদ্ধ করে দিয়ে যায়। গৃহবধূর পরিবারের অভিযোগ, ঘটনার পিছনে রিম্পার শ্বশুড়বাড়ির লোকের হাত হয়েছে। অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গৃহবধূর স্বামীর পরিবারের হাত রয়েছে নাকি অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।
